৪৪ হাজার শিক্ষক বেতন পাচ্ছেন না দুই মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ৪৪ হাজার ৪০০ শিক্ষক ফেব্রুয়ারি মাস থেকে বেতন পাচ্ছেন না। এতে চরম অর্থসংকটে পড়েছেন শিক্ষকেরা।
তবে কারিগরি শিক্ষা বোর্ড বলছে, আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ফরিদপুরের এক শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘ফেব্রুয়ারি থেকে বেতন না পাওয়ায় অর্থাভাবে স্ত্রীকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিই। দুই মাস ধরে স্ত্রীকে আনতেও যেতে পারছি না।’
বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি ও শাহ জাফর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন বলেন, ‘বেতনসংক্রান্ত সমস্যা আমাদের চরম সংকট ও দুর্ভোগের মুখে ফেলে দিয়েছে। আমাদের সাড়ে ৪৪ হাজার শিক্ষক তাঁদের পরিবারের দুই লক্ষাধিক সদস্য নিয়ে চরম সংকটে পড়েছেন। অনেক শিক্ষক নববর্ষে তাঁদের সন্তানের জন্য কিছু কিনতেও পারেননি।’
কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (প্রশাসন) শেখ মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘৮০ কোটি টাকা কম পড়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা অর্থ মন্ত্রণালয়ে সংশোধিত বাজেট জমা দিয়েছি। ২৬ এপ্রিলের মধ্যে মন্ত্রণালয় থেকে টাকা ছাড় পেয়ে যাবে বলে আশা করছি। ফলে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ওই শিক্ষকদের যাবতীয় বকেয়াসহ পুরো বেতন পরিশোধ করা সম্ভব হবে।’