৪৪১ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪৪০ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন। পাশাপাশি ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বাজেটও ঘোষণা দেওয়া হয়েছে।
২০১৬-১৭ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৪৬৭ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার টাকা। সংশোধিত আকারে দাঁড়িয়েছে ২৪৬ কোটি ৫২ লাখ ৪৭ হাজার টাকা। যার লক্ষ্যমাত্রা অর্জনের হার ৫৬ দশমিক ৫৪ শতাংশ।
চলতি অর্থবছরে প্রস্তাবিত বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৫৫ কোটি ১৩ হাজার টাকা এবং সরকারি অনুদান ও বৈদেশিক সাহায্যনির্ভর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৮৫ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার টাকা।
বাজেট ঘোষণাকালে সিটি মেয়র বাজেটের মূল বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এ বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। নগরের মুক্তিযোদ্ধাদের নিজ বসতবাড়ির হোল্ডিং ট্যাক্স আগের মতো এবারও পুরোপুরি মওকুফ করা হয়েছে। তিনি আরও বলেন, এটি একটি উন্নয়নমুখী বাজেট। এই বাজেটে নাগরিক সেবা সম্প্রসারণ ও সেবার মান উন্নত করার পরিকল্পনা রয়েছে। জলাবদ্ধতা দূরীকরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য নিয়মিত কর পরিশোধসহ উন্নয়নকাজে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন মেয়র।
নাগরিক প্রশ্নে মেয়রের উত্তর
বাজেট অনুষ্ঠানে সাংবাদিক ও নাগরিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খুলনা ওয়াসা কর্তৃক পানির পাইপলাইন স্থাপনের অনেক কাজ সমঝোতা স্মারকের শর্তানুসারে হচ্ছে না। জনদুর্ভোগ দূরীকরণে ওয়াসাকে তাগিদ দেওয়া হচ্ছে।
যানজট প্রসঙ্গে মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নিরসন এবং মাত্রাতিরিক্ত ইজিবাইকের ব্যাপারে একাধিকবার বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে সভা হয়েছে। উল্লিখিত সভার আলোকে ইজিবাইক চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলে কেসিসির পক্ষ থেকে তা দ্রুত বাস্তবায়ন করা হবে।
জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে মেয়র বলেন, বর্ষা মৌসুমে ও জোয়ারের সময় নদীর পানি স্ফীত থাকার কারণে পানিনিষ্কাশনে কিছুটা বিলম্ব ঘটছে। তা ছাড়া অবৈধভাবে খাল দখলের কারণে পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পানিনিষ্কাশনের ব্যবস্থা উন্নত করার আশ্বাস দেন তিনি।