আগামী ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ সফল করতে কেন্দ্রীয় পর্যায়ে ৪৫টি সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি। গতকাল বুধবার রাতে গুলশানের কার্যালয়ে এই কমিটির সমন্বয়কারীদের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও যুগ্ম মহাসচিবদের নেতৃত্বে এই ৪৫টি কমিটি গঠন করা হয়। এই কমিটির সঙ্গে খালেদা জিয়ার এটিই প্রথম বৈঠক। দলীয় সূত্র জানায়, বৈঠকে ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়।খালেদা জিয়ার সভাপতিত্বে এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খানসহ দলের ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।১২ মার্চের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের এক যৌথ সভা হবে।