৪৫ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ট্রেনে ধর্ষণের পর খুন হওয়া খুলনার গৃহবধূ নার্গিস বেগমের লাশ ৪৫ দিন পর গতকাল বৃহস্পতিবার কবর থেকে তোলা হয়েছে। এর আগে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন হাইকোর্ট।
দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার বসুপাড়া কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। লাশ তোলার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন কবরস্থানে লাশের সুরতাল করেন। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত নার্গিসের মামি রাহেলা বেগম ও বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খানের একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গত ২৪ মে লাশ উত্তোলনের নির্দেশ দেন। ১৬ জুনের মধ্যে পুলিশ কমিশনার ও সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত।
একই সঙ্গে নার্গিসের লাশ ভারত থেকে বাংলাদেশে স্বজনদের কাছে হস্তান্তরের সময় দেওয়া সব কাগজপত্র ওই সময়ের মধ্যে আদালতে উপস্থাপন করতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন আদালত।
প্রসঙ্গত, খুলনার সোনাডাঙ্গা থানার বাসিন্দা নার্গিস গত ৯ মার্চ নিজের ও মায়ের চিকিৎসা করানোর জন্য ভারত যান। ১০ মার্চ হাওড়া স্টেশন থেকে দিল্লির উদ্দেশে ট্রেনে ওঠার পর কানপুর স্টেশন থেকে কয়েকজন যুবক তাঁকে অপহরণ করে। ১৯ মার্চ সোনাডাঙ্গা থানার পুলিশের কাছ থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন নার্গিস মারা গেছেন। তাঁর লাশ উত্তরপ্রদেশের বাধান রেলস্টেশনের কাছ থেকে উদ্ধার করা হয়। ২০ এপ্রিল নার্গিসের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ। অপহরণ করে তাঁকে ধর্ষণ করার পর শরীরের বিভিন্ন অঙ্গ কেটে নেওয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযাগ করেন।