৪৫ পরিবার ৮ মাস ধরে গ্রামছাড়া
উল্লাপাড়ার খাদুলী গ্রামে ভূমিদস্যুদের হামলা–মামলার শিকার হয়ে এ পরিবারগুলো গ্রাম ছাড়তে বাধ্য হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামে ভূমিদস্যুদের হামলা ও মামলার শিকার হয়ে ৪৫টি পরিবার দীর্ঘ আট মাস যাবৎ গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। পালিয়ে থাকায় এসব পরিবারের ছেলেমেয়েরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না পারায় তাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।
গতকাল রোববার সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। স্থানীয় পুলিশ প্রশাসনের সাহায্য না পেয়ে ভুক্তভোগী পরিবারগুলো পুলিশের মহাপরিদর্শকের কাছেও আবেদন করেছে বলে জানায়।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ২০ সদস্য উপস্থিত ছিলেন। ভূমিদস্যুদের নির্যাতনের কথা তুলে ধরে লিখিত বক্তব্য দেন পালিয়ে থাকা পরিবারগুলোর সদস্য নান্নু মিয়া, জাহাঙ্গীর আলম ও নজরুল ইসলাম। তাঁরা বলেন, সৈয়দ আলী, নবীর উদ্দিন, জালাল উদ্দিন ও শহিদুল ইসলাম খাদুলী গ্রামে ভূমিদস্যু হিসেবে পরিচিত। আর তাঁদের সহযোগী হিসেবে কাজ করেন আবু বক্কর সিদ্দিক ওরফে হুকুম, ছাহাব আলী, আ. হাকিম, ছকিমুদ্দিন, নুর মোহাম্মদ, জেনদার আলী, রজব আলী সরকার, আবদুল জব্বার সরকার, ময়নাল সরকারসহ অন্তত গ্রামের ২০-২২ জন সদস্য। তাঁরা গ্রাম্য বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে আট মাস আগে এই ৪৫ পরিবারের জমিজমা জোর করে দখল করে নেন। এই চক্র জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে বেশ কয়েকটি সংখ্যালঘু পরিবারের সদস্যদের সম্পত্তিসহ খাস জমিও দখল করে নেয়। সেই সঙ্গে দখল করে ওই ৪৫ পরিবারের জমিজমাও। ভূমিদস্যুরা পুরো গ্রামে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ওই ৪৫ পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়। এতেই ক্ষান্ত হয়নি ভূমিদস্যুরা। ওই ভুক্তভোগী পরিবারগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলাও দায়ের করে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, মামলা দায়েরের পর সহকারী পুলিশ সুপারের (আবুল হাসানাত) প্রাথমিক তদন্তে ওই গ্রামের সৈয়দ আলী জালিয়াত চক্র ভুয়া কাগজপত্র বানিয়ে প্রায় ১ হাজার ১৮১ একর জমি অন্যত্র বিক্রি করে দিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পরে উল্লাপাড়া থানায় গিয়ে জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চাইলেও পুলিশের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায়নি। এ অবস্থায় ৪৫টি পরিবার আট মাস ধরে পালিয়ে অন্য গ্রামে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। পরিবারগুলোর ছেলেমেয়েদের লেখাপড়াও বন্ধ হয়ে গেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য নান্নু মিয়া বলেন, ‘এর আগে খাদুলী মৌজার বিভিন্ন খতিয়ানের ১ হাজার ১৮১ শতক জমি ভূমিদস্যুরা কাগজপত্র টেম্পারিং করে নিজেদের নাম বসিয়ে বাইরে বিক্রি করেছে। এই ঘটনা প্রকাশ পাওয়ায় জেলা প্রশাসক নিজে বাদী হয়ে সিরাজগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। এসব ঘটনার জের ধরে গ্রামে দাঙ্গা-হাঙ্গামা বাধে। গত কয়েক দশক ধরে ওই গ্রামে মারামারি ও বিশৃঙ্খলা লেগেই থাকত। বর্তমানে আমরা এই সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পেতে সুবিচার কামনা করছি। একই সঙ্গে তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে সৈয়দ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য বলেন, ‘নান্নু গং নিজেরাই এলাকায় আসে না। তারা এর আগে গ্রামের লোকজনদের ওপর অনেক অত্যাচার করেছে। যে কারণে গ্রামবাসী এখন তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মামলার আসামি হওয়ায় তারা গ্রামে আসছে না।’
এদিকে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউসিক আহমেদ বলেন, নান্নু মিয়া গংয়ের লোকজনকে গ্রামে ফিরতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতিপক্ষকেও শান্ত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও কেন নান্নু মিয়া গংয়ের লোকজন গ্রামে আসছে না, তা তদন্ত করে দেখে পরে জানানো হবে। তা ছাড়া, বিষয়টি অনেক দূর চলে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।