৪৫ বছরেও শহীদ মুক্তিযোদ্ধার নামে সড়কটির নামকরণ হয়নি
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। সিরাজগঞ্জের রায়গঞ্জে মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশে রায়গঞ্জ বাজার থেকে উপজেলা সদর ধানগড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি উপজেলার শহীদ আহমেদ হোসেনের নামে করার সিদ্ধান্ত হয়। কিন্তু তারপর পেরিয়ে গেছে ৪৫ বছর। আজও মুক্তিযোদ্ধা-জনতার সেই চাওয়া পূরণ হয়নি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতেই যুদ্ধে যোগ দেন উপজেলার নলকা ইউনিয়নের হোড়গাঁতী গ্রামের আহমেদ হোসেন। সহযোদ্ধাদের সঙ্গে ২০ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর ঘাঁটি রায়গঞ্জ থানা আক্রমণের সময় পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন তিনি।
ধানগড়া এলাকার একটি বিদ্যালয়ের শিক্ষক মো. আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ৪৫ বছরে কতজনের কত কী হলো। শুধু মুক্তিযুদ্ধে শহীদ এ উপজেলার মুক্তিযোদ্ধা আহমেদ হোসেনের নামে সড়কটির নামকরণ হলো না।
উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান বলেন, ১৯৯২ সালের দিকে শহীদ আহমেদ হোসেনের নামে রায়গঞ্জ বাজারে একটি স্মৃতি সংসদ গড়ে তোলা হয়। মুক্তিযোদ্ধা রইচ উদ্দিনসহ স্থানীয় ব্যক্তিদের সহায়তায় প্রতিষ্ঠিত সংসদটি এখনো আছে। উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সড়কটির নামকরণের জন্য একাধিকবার কথা হলেও লাভ হয়নি বলে জানান তিনি।
মুক্তিযোদ্ধা ও লেখক আবদুল খালেক বলেন, শহীদ আহমেদ হোসেনের নামে সড়কটির নামকরণ না হওয়াটা দুঃখজনক।
রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার বলেন, এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব শহীদ আহমেদ হোসেনের নামে সড়কটির নামকরণ করা হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার গতকাল বৃহস্পতিবার বলেন, বিষয়টি জানার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী স্বাধীনতা দিবসের আগেই কাজটি সম্পন্ন করা হবে।