পর্যাপ্ত বুকের দুধ না পাওয়ায় দেশের ৪৫ শতাংশ নবজাতক বিভিন্ন সংক্রামক রোগে মারা যায়। এক ঘণ্টার বেশি সময় দেরি করে বুকের দুধ খাওয়ানোর কারণে প্রতিবছর ৪০ হাজার নবজাতক মৃত্যুবরণ করে। প্রতিবছর আরও ৫০ হাজার শিশু অপুষ্টির কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ায় মারা যাচ্ছে। শিশুর অপুষ্টি রোধ করতে ছয় মাস বয়স পর্যন্ত কেবল বুকের দুধ এবং দুই বছর বয়স পর্যন্ত বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি সবজিসহ বিভিন্ন খাবার দিতে হবে।গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘বুকের দুধ ও বাড়ির-হাঁড়ির রান্না’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলা হয়। ব্রেস্ট ফিডিং অ্যান্ড কমপ্লিমেন্টারি ফিডিং মার্কেটিং ফোরাম (বিসিএমএফ) এ আলোচনার আয়োজন করে।অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, গত চার-পাঁচ বছরে শিশুকে বুকের দুধ প্রদান নিশ্চিত করার আন্দোলন ঝিমিয়ে পড়েছে। এ ব্যাপারে সর্বস্তরে প্রচার করতে হবে। জেলা থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক পর্যায় পর্যন্ত এ ব্যাপারে প্রচার করা প্রয়োজন। মা যেন শিশুকে বুকের দুধ দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। মায়েদের এ ব্যাপারে উত্সাহ দেওয়া দরকার।বিশিষ্ট শিশু পুষ্টিবিদ এমকিউকে তালুকদার বলেন, গুঁড়ো দুধ কোনো সময়ই মানুষের জন্য প্রয়োজনীয় কোনো জিনিস ছিল না। এমকিউকে তালুকদার আরও বলেন, শিশুর জন্য ঘরে তৈরি খিচুড়ি, গাজর, ডিম, সুজি ও মুগের হালুয়া, সেমাই, পায়েস, পাঁচমিশালি সবজির খাবার আদর্শ। বাণিজ্যিকভাবে প্রস্তুত শিশুখাদ্য এসব খাবারের পরিপূরক হতে পারে না। দেশে এ ধরনের খাদ্য আমদানি বন্ধ করতে হবে। ভারতে প্লাম্পি নাট নামে এ ধরনের একটি খাদ্যপণ্য বাজারজাত করার অনুমতি দেওয়া হয়নি। অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, শিশুর পুষ্টি নিশ্চিত করতে মাকে সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে। আগে পরিবার বড় ছিল। মায়েরা যথাযথ পরামর্শ পেতেন, এখন তা কমে যাচ্ছে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ফাতেমা পারভীন চৌধুরী, বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মহাসচিব রুহুল আমিন, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের মহাসচিব সুফিয়া খাতুন, নারী ও শিশুস্বাস্থ্য কেন্দ্রের পরামর্শক ও গবেষক খুরশিদ তালুকদার প্রমুখ।