৪৫ হাজার লিটার পানি ছিটিয়ে নেভানো হলো আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রেলওয়ে হাসপাতাল কলোনির পাশে পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা বস্তির আগুন নিয়ন্ত্রণে আনতে ৪৫ হাজার লিটার পানি খরচ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থল ও এর আশপাশে পানির কোনো উৎস না থাকায় ফায়ার সার্ভিসের গাড়িতে আনা পানি দিয়ে নেভাতে হয়েছে আগুন।
গতকাল শনিবার বিকেলের ওই আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ২৪ কক্ষের ৮টি কাঁচা ঘর পুড়ে যায়। টিনের ছাউনি ও বেড়া দিয়ে ঘেরা এসব ঘরে নিম্ন আয়ের মানুষ বসবাস করত।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশন থেকে ৭টি গাড়ি আনা হয়। এর মধ্যে ৫টি গাড়ির প্রতিটিতে ৪ হাজার ৬০০ লিটার পানি ছিল। এই পাঁচটি গাড়ির পানিতে আগুন নিয়ন্ত্রণে না আসায় একপর্যায়ে আগ্রাবাদ স্টেশন থেকে ২২ হাজার লিটারের পানিভর্তি আরও দুটি গাড়ি আনা হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাস্থলের আশপাশে পানির উৎস থাকলে আরও কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা যেত।