৪৫তম বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের আমলে ৪৫তম বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে গতকাল বুধবার। ২২৫ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক এ কেন্দ্রের মালিকানা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল)। কোম্পানিটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একটি প্রতিষ্ঠান। কেন্দ্রটি স্থাপন করবে কোরীয় কোম্পানি হুন্দাই ইঞ্জিনিয়ারিং ও দাইউ ইন্টারন্যাশনাল করপোরেশন।বিকেলে বিদ্যুৎ ভবনে আয়োজিত কেন্দ্রটির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বিদ্যুতের আশু সংকট মোকাবিলায় ভাড়াভিত্তিক কেন্দ্র স্থাপনে সরকার সফল হয়েছে। পাশাপাশি মধ্যম ও দীর্ঘমেয়াদি প্রকল্পগুলো স্থাপনের কাজ চলছে। এগুলো হবে গ্যাস ও কয়লাভিত্তিক। এখনো পর্যন্ত এ ধরনের প্রায় দুই হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।অনুষ্ঠানে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ বলেন, বর্তমান সরকারের আমলে ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত ৪৫টি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ৪৩টি চুক্তি স্বাক্ষরিত হলো। চুক্তিগুলোর মাধ্যমে মোট প্রায় সাড়ে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এরই মধ্যে এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে এসেছে।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির, হুন্দাইয়ের নির্বাহী জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট কিম ওক চুল, দাইউর প্রধান নির্বাহী কর্মকর্তা রি ডং হি, বাংলাদেশে নিযুক্ত কোরীয় রাষ্ট্রদূত চো তায়ে ইয়ং, এপিএসসিএলের চেয়ারম্যান বেলায়েত হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম চৌধুরী বক্তব্য দেন।পরে এপিএসসিএল, হুন্দাই ও দাইউর সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। কেন্দ্রটি স্থাপনে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৬১ কোটি ৪৯ লাখ টাকা। কম্বাইন্ড সাইকেল (১৪৫ মেগাওয়াট হবে গ্যাস পুড়িয়ে, বাকিটুকু হবে ওই অংশের তাপ ব্যবহার করে) কেন্দ্রটি স্থাপনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৭৫০ দিন। এর মধ্যে ১৪৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে ৫৪০ দিনের মধ্যে।