মাছ চাষের জন্য বিলে বাঁধ নির্মাণ এবং কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিনটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চারটি গ্রামের প্রায় ৪৫০ একর জমির আমনখেত তলিয়ে গেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর গত বৃহস্পতিবার আবেদন করেছেন। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের আবেদন সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের চেংমারী ও নিলকচণ্ডী গ্রামের সুবর্ণদহ বিলের ভাটিতে একটি স্বার্থান্বেষী মহল বাঁধ নির্মাণ করায় উজানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ওই দুই গ্রামের প্রায় দেড় শ একর আমনখেত তলিয়ে গেছে। এদিকে মৎস্য চাষের জন্য সদর ইউনিয়নের বোল্লারপাড় গ্রামে একটি কালভার্টের মুখ বন্ধ করে রাখায় কোলকোন্দ ইউনিয়নের চেংডোবা এবং বোল্লারপাড় গ্রামে ১০ দিন ধরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ওই দুটি গ্রামের প্রায় ৩০০ একরের আমনখেত তলিয়ে গেছে। গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, চেংডোবা ও বোল্লারপাড় এলাকায় অনেক আমনখেত তলিয়ে আছে। আবার জলাবদ্ধতার কারণে অনেকেই জমিতে চারা রোপণ করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন। চেংডোবা গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘লোকজন মাছ চাষের জন্য ব্রিজের মুখ বন্ধ করি দিছে। আর এ জন্যে হামার দেড় বিঘা জমির রোপণ করা ধান নষ্ট হয়া গেইল।’ মোস্তফা মিয়া বলেন, ‘পানি জমি থাকায় রোপণ করা বীজ পচি গেইছে।’ বোল্লারপাড় এলাকার কৃষক আবদুল হাকিম বলেন, ‘কালভার্টের মুখ বন্ধ করি দেওয়ায় পানি জমি গেইছে। হামরা ধানের চারা লাগপার পাইতোছি না।’ গঙ্গাচড়ার ইউএনও মুহাম্মদ মাহবুবুল হক জলাবদ্ধতার বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের আবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, ব্যক্তিস্বার্থের জন্য শত শত কৃষকের ফসল উৎপাদন ব্যাহত হতে পারে না। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিগগির উদ্যোগ নেওয়া হচ্ছে।