৪৫০ শিশু ডায়রিয়া ও শ্বাসকষ্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের গত কয়েক দিনে সাড়ে চার শতাধিক শিশু ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে। সদর হাসপাতালে শয্যা ও জনবল-সংকটের কারণে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিত্সাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ঠাকুরগাঁও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুই দিনে ১১৯ জন শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭০ জন ডায়রিয়ায় এবং ৩৪ জন শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে। বহির্বিভাগে এসব রোগে আক্রান্ত ৩৩৮ জন শিশুকে চিকিত্সা দেওয়া হয়েছে। রোববার সকালে ঠাকুরগাঁও সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, মাত্র ১৮ শয্যার শিশু ওয়ার্ডে ১২০ জন শিশুকে চিকিত্সা দেওয়া হচ্ছে। এর মধ্যে ৭৫ জন ডায়রিয়ার এবং ৪৪ জন শিশু শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে। শয্যা-সংকটের কারণে ওয়ার্ডের মেঝেতে রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে অনেক শিশুকে। অনেক অভিভাবক মেঝেতে জায়গা না পেয়ে ওয়ার্ডের বারান্দায় বিছানা পেতে শিশুর চিকিত্সা করাচ্ছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার ফতেপুর গ্রামের শাহিনা বেগম তাঁর নয় মাসের ছেলে শুভকে হাসপাতালে ভর্তি করেন। তিনি জানান, ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় তিনি তাঁর ছেলেকে গত শুক্রবার হাসপাতালে ভর্তি করেছেন। দ্রুত চিকিত্সার পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শিশু ওয়ার্ডে কর্তব্যরত চিকিত্সক শাহজাহান নেওয়াজ জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।সিভিল সার্জন লোকমান আলী জানান, চিকিত্সা নিতে আসা শিশুদের সংখ্যার তুলনায় হাসপাতালের শয্যার সংখ্যা কম। এ কারণে চিকিত্সা দিতে গিয়ে কর্তব্যরত চিকিত্সক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।