৪৫৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ
রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ৪৫৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এ-সংক্রান্ত জাতীয় কমিটি। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির ২০তম সভায় এই সুপারিশ করা হয়। এ নিয়ে মোট ছয় হাজার পাঁচটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হলো।কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন প্রতিমন্ত্রী বলেন, সভায় দণ্ডবিধিতে করা ৭১১টি মামলা প্রত্যাহারের আবেদন উপস্থাপন করা হয়। এগুলোর মধ্যে ৪৫৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়, ১১৩টি আবেদন ফেরত দেওয়া হয়। বাকি ১৪২টি মামলার বিষয়ে কোনো সুপারিশ করা হয়নি।সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা চারটি মামলা প্রত্যাহারের আবেদন উপস্থাপন করা হয়। এর মধ্যে একটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। বাকিগুলো পরবর্তী বৈঠকের জন্য ফেরত পাঠানো হয়েছে।আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর গত বছরের জানুয়ারিতে রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশ্যে করা মামলা প্রত্যাহারে সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়। এ নিয়ে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের জন্য মোট আট হাজার ৮৬৩টি মামলা কমিটিতে উপস্থাপন করা হয়। এর মধ্যে দণ্ডবিধিতে করা পাঁচ হাজার ৫৪৮টি মামলা এবং দুদকের করা ৪৫৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়।মঙ্গলবার যেসব মামলার ব্যাপারে সুপারিশ করা হয়েছে, তার মধ্যে কক্সবাজার থেকে নির্বাচিত সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদির দুটি মামলা উল্লেখযোগ্য।১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী সরকারের সুপারিশ করা যেকোনো মামলা প্রসিকিউশন প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করতে পারেন। তবে সিআর বা ব্যক্তির করা মামলা প্রত্যাহারের সুপারিশ করার এখতিয়ার সরকারের নেই।