অনিয়মের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার অভিযোগে খাদ্য অধিদপ্তরের একজন পরিচালক, সরকারের একজন যুগ্ম সচিব, দুই উপসচিবসহ মোট ৫৩ জনকে আসামি করে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে একজনের নাম যুক্ত হয়। কিন্তু শেষ পর্যন্ত অভিযোগপত্র দেওয়া হয়েছে আটজনের নামে। ৪৬ জনই দায়মুক্তি পেয়েছেন। সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সময় এই নিয়োগ হয়েছিল।
গত বছরের অক্টোবরে মামলাটি করে দুদক। অভিযোগপত্র দেওয়ার পর যোগাযোগ করা হলে খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের পরিচয় প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য সূত্রগুলো বলে, যাঁরা দায়মুক্তি পেয়েছেন, তাঁদের মধ্যেও দায়ী ব্যক্তিরা আছেন। আর যাঁদের দায়ী করা হয়েছে, তাঁদের মধ্যেও নির্দোষ ব্যক্তিরা রয়েছেন।
মন্ত্রণালয় সূত্র বলছে, এই নিয়োগ-প্রক্রিয়ায় জালিয়াতির বিষয়টি সংশ্লিষ্ট সবাই জানেন। লিখিত পরীক্ষার নম্বর ঘষামাজা করে পরিবর্তন করা হয়েছে। মৌখিক পরীক্ষা চলার সময় প্রতিদিন পরীক্ষা শুরুর আগে অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক প্রতিটি বোর্ডের প্রধানের কাছে একটি করে চিরকুট পাঠাতেন। তাতে যেসব প্রার্থীর ক্রমিক নম্বর দেওয়া থাকত, তাঁদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। ওই পরীক্ষা চলার সময়ই এসব খবর প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
দুদকের মামলার এজাহারে বলা হয়েছিল, খাদ্য অধিদপ্তরের তৃতীয় শ্রেণির ১০টি ক্যাটাগরিতে ১ হাজার ৫৫২টি শূন্য পদ পূরণের জন্য ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রার্থীদের আবেদনপত্র তালিকাভুক্ত করাসহ ফলাফল প্রকাশ পর্যন্ত যাবতীয় কাজের জন্য তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট প্ল্যানার্স অ্যান্ড কনসালট্যান্টসের (ডিপিসি) সঙ্গে অধিদপ্তরের চুক্তি হয়। অধিদপ্তরের বিভাগীয় বাছাই কমিটির পাঁচজন সদস্য ও ডিপিসির চারজন কর্মকর্তা-কর্মচারী অবৈধভাবে অযোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ করে দিয়েছেন। পরীক্ষায় ফলাফল প্রকাশে কম্পিউটার সফটওয়্যার পরিবর্তন করে মেধাবীদের বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিদের ফলাফলে অধিক নম্বর প্রাপ্তি দেখিয়ে ৪৪ জনকে চাকরি দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার দেওয়া ওই মামলার অভিযোগপত্রে খাদ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি (বর্তমানে পরিচালক-সংগ্রহ) ইলাহী দাদ খান, খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব (বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব) নাসিম বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ইফতেখার আহমেদ, ডিপিসির পরিচালক মাহমুদুর রহমান, ব্যবস্থাপক (প্রশাসন) আইউব আলী, সাবেক সিস্টেম অ্যানালিস্ট আসাদুর রহমান, সাবেক হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার আরিফ হোসেন ও অ্যাসিস্ট্যান্ট ডেটাবেইস অ্যাডমিন আবুল কাসেমকে অনিয়ম-দুর্নীতির জন্য দায়ী করে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রার্থনা করেছে দুদক।
তদন্ত সূত্র জানায়, অনুসন্ধানকালে দুদক খাদ্য অধিদপ্তরের বিভাগীয় নিয়োগ কমিটির সদস্য ও আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে একই কম্পিউটারের মাধ্যমে খাদ্য পরিদর্শক পদে নিয়োগপ্রাপ্ত ৩২৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষার ওএমআর সিটের সঙ্গে প্রশ্নপত্রের সঠিক উত্তরপত্র পুনরায় পরীক্ষা করে। ওএমআর সিট ও লিখিত পরীক্ষার নম্বরপত্র পুনরায় পরীক্ষা করে দেখা যায়, পরীক্ষার্থী ওএমআর সিটে কম ঘর পূরণ করে বা ভুল উত্তর দিয়ে যে নম্বর পেয়েছেন, তা সঠিকভাবে নম্বরপত্রে দেওয়া হয়নি। প্রকৃত নম্বর পরিবর্তন করে ফলাফল সিটে বেশি নম্বর দেওয়া হয়েছে। যাঁদের নম্বর এভাবে বাড়িয়ে দেওয়া হয়, তাঁদের নাম-ঠিকানাও উল্লেখ করা হয়েছে। এসব পরীক্ষার্থী কে কোন বোর্ডে মৌখিক পরীক্ষা দিয়েছিলেন, তাও স্পষ্ট। কিন্তু অভিযোগপত্রে তাঁদের কাউকেই দায়ী করা হয়নি।
অভিযোগপত্রে বলা হয়, নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, অনেক পরীক্ষার্থীর মৌখিক নম্বরে কাটাকাটি থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট পরীক্ষা বোর্ডের সভাপতির সই রয়েছে। আবার কিছু নম্বরে কাটাকাটি থাকলেও তাতে কারও সই নেই। মৌখিক পরীক্ষার নম্বরপত্রে ৩৬ জন পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরে উপরিলিখন, ঘষামাজা ও কাটাকাটি হয়। বাছাই কমিটি এই ৩৬ জনের মৌখিক পরীক্ষার নম্বর বাতিলের বিষয়ে একমত হলেও তিনজন পরীক্ষার্থীর নম্বর বাতিল না করে ক্ষমতার অপব্যবহার করে তাঁদের নির্বাচিত ঘোষণা করে।
দুদকের তদন্ত কর্মকর্তারা জানান, লিখিত পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগীয় নির্বাচন কমিটির তিন সদস্য, আইটি প্রতিষ্ঠানের পাঁচ কর্মকর্তা-কর্মচারী যোগ্য পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষা করতে আইনগতভাবে বাধ্য থাকলেও পরীক্ষার ফলাফল প্রকাশে কম্পিউটার সফটওয়্যারে কারসাজি করে অনুত্তীর্ণ পরীক্ষার ফলাফলে অধিক নম্বর দেখিয়ে অন্যায়ভাবে ৪৪ জন মেধাবী পরীক্ষার্থীর চাকরি পাওয়া থেকে বঞ্চিত করে।
মামলায় অন্তর্ভুক্ত ৪৬ জনের নাম বাদ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক হামিদুল হাসান গত রোববার প্রথম আলোকে বলেন, কমিশন যেভাবে বলেছে, তাঁরা সেভাবেই নাম দিয়েছেন। বাছাই কমিটির পাঁচজনের মধ্যে দুজনের নাম বাদ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা কমিটির বৈঠকে তেমন একটা আসেননি।
বিষয়টি সম্পর্কে ইলাহী দাদ খান প্রথম আলোকে বলেন, অধিদপ্তরের করা নিয়োগ/বাছাই কমিটিতে তাঁরা পাঁচজন সদস্য ছিলেন। এর মধ্যে দুজন অধিদপ্তরের। এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি কর্মকমিশনের একজন করে সদস্য ছিলেন। এই পাঁচজনের ওপর নিয়োগ-প্রক্রিয়ার সমান দায়িত্ব ছিল। কিন্তু তাঁরা সবাই অভিযুক্ত হননি। তা ছাড়া আইটি প্রতিষ্ঠান জালিয়াতি বা দুর্নীতি করলে তার দায় তাঁদের ওপর বর্তায় না। সর্বোপরি তৃতীয় শ্রেণির পদে নিয়োগকারী কর্তৃপক্ষ খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব আতাউর রহমান পুরো নিয়োগ-প্রক্রিয়াটি তদন্ত করেছেন। কিন্তু কোনো ত্রুটি পাননি।