৪৬ কাউন্সিলর প্রার্থীর ৩৬ জনই বিদ্যালয় পেরোতে পারেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভায় এবার সংরক্ষিত ওয়ার্ডসহ কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন মোট ৪৬ জন। এঁদের মধ্যে ১৫ জনের শিক্ষাগত যোগ্যতা ‘অক্ষরজ্ঞানসম্পন্ন’ বা ‘স্বশিক্ষিত’। ২১ জন পঞ্চম ও অষ্টম শ্রেণি পাস। বাকিদের মধ্যে তিনজন স্নাতক এবং অন্যরা এসএসসি ও এইচএসসি পাস করেছেন। প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, এবার কাঁকনহাট পৌরসভার নারীদের তিনটি সংরক্ষিত ওয়ার্ডে মোট প্রার্থী ১৩ জন। এঁদের মধ্যে ১০ জন বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেননি। বাকি দুজন এইচএসসি এবং একজন স্নাতক পাস।
সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে পাঁচ প্রার্থীর মধ্যে মনোয়ারা বেগম মায়া, চামেলী বেগম, রোকিয়া বেগম ও শাহনাজ বেগম অষ্টম শ্রেণি পাস। অপর প্রার্থী মনোয়ারা বেগম পঞ্চম শ্রেণি পাস। সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডেও প্রার্থীর সংখ্যা পাঁচজন। তবে এই ওয়ার্ডের প্রার্থী ববিতা মার্ডী ও সুরাইয়া নাজনীন উচ্চমাধ্যমিক এবং হোসনেয়ারা আক্তার স্নাতক পাস। অপর দুই প্রার্থী আম্বিয়া বেগম ও জেসমিন আরা অষ্টম শ্রেণি পাস। অপর দিকে সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী তিনজন। এঁদের মধ্যে মোসা. আকলেমা অক্ষরজ্ঞানসম্পন্ন এবং অপর দুই প্রার্থী ওয়াহিদা সুলতানা ও সাহানাজ পারভিন অষ্টম শ্রেণি পাস।
কাঁকনহাট পৌরসভার নয়টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী পাঁচজন, ২ নম্বর ওয়ার্ডে পাঁচজন, ৩ নম্বর ওয়ার্ডে চারজন, ৪ নম্বর ওয়ার্ডে দুজন, ৫ নম্বর ওয়ার্ডে তিনজন, ৬ নম্বর ওয়ার্ডে দুজন, ৭ নম্বর ওয়ার্ডে চারজন, ৮ নম্বর ওয়ার্ডে চারজন এবং ৯ নম্বর ওয়ার্ডে চারজন।
১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী পাঁচজনের মধ্যে চারজনই অক্ষরজ্ঞানসম্পন্ন ও স্বশিক্ষিত। এঁদের মধ্যে আবদুর রহিম, এমদাদুল হক ও মাসুদ পারভেজ অক্ষরজ্ঞানসম্পন্ন এবং লুৎফর রহমান স্বশিক্ষিত। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পাঁচ কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে তিনজনই বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেনি। প্রার্থীদের মধ্যে জাবেদ আলী পঞ্চম শ্রেণি পাস এবং নজরুল ইসলাম ও মনির উদ্দিন স্বশিক্ষিত। ৩ নম্বর ওয়ার্ডে চার প্রার্থীর চারজনই বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেননি। কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ অষ্টম শ্রেণি পাস, গিয়াস উদ্দিন ও শফিকুল ইসলাম অক্ষরজ্ঞানসম্পন্ন এবং হাফিজুর রহমান স্বশিক্ষিত।
এই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী দুজন। প্রার্থী জিয়াউল হকের শিক্ষাগত যোগ্যতা অক্ষরজ্ঞানসম্পন্ন এবং আলতাফ হোসেন অষ্টম শ্রেণি পাস। আলতাফ হোসেনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। ৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী তিনজন। এঁদের মধ্যে আসেদ আলী পঞ্চম শ্রেণি পাস এবং গোলাম মোতুর্জা স্বশিক্ষিত। তবে অপর প্রার্থী আহসান হাবিব স্নাতক।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থীর একজন অক্ষরজ্ঞানসম্পন্ন এবং অপরজন স্নাতক। আল মামুন অক্ষরজ্ঞানসম্পন্ন। অপর প্রার্থী ইসলাম স্নাতক, তবে তাঁর নামে থানায় মামলা আছে। ৭ নম্বর ওয়ার্ডে চার প্রার্থীর তিনজনই অষ্টম শ্রেণি পাস। এঁরা হলেন সেলিম আহমেদ, জাহাঙ্গীর ও সুজন রাজা। ৮ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী অক্ষরজ্ঞানসম্পন্ন। এঁরা হলেন জান মোহাম্মদ ও সেলিম রেজা। অপর দুই প্রার্থী মিনাউল হক ও ময়েজ উদ্দিন অষ্টম শ্রেণি পাস। ৯ নম্বর ওয়ার্ডে চার প্রার্থীর তিনজনই অষ্টম শ্রেণি পাস। এঁরা হলেন নোওসাদ আলী, মিজানুর রহমান ও শফিকুল হক।
এ ছাড়া কাঁকনহাট পৌরসভায় এবার মেয়র পদপ্রার্থী দুজন। আবদুল মজিদ ও হাফিজুর রহমান দুজনই স্নাতক পাস।