
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল থেকে ভুরঘাটা পর্যন্ত ৪৬ কিলোমিটারের মহাসড়ক ঘেঁষে ১৮টি বাজার গড়ে উঠেছে। মহাসড়কে এসব বাজারে আসা মানুষের ভিড়ের কারণে এবং বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড গড়ে ওঠায় দূরপাল্লার যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি ও প্রাণহানি বাড়ছে।
মহাসড়কটির বরিশাল থেকে ভুরঘাটা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের (সওজ) বরিশাল অংশে পড়েছে। সওজের বরিশাল কার্যালয় সূত্র জানায়, গত কয়েক বছরে কয়েক দফায় মহাসড়কটির দুই পাশ সম্প্রসারণ করা হয়। এতে কোল ঘেঁষে অবস্থিত হওয়ায় এসব বাজার সড়কের একেবারে গলা চিপে ধরেছে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের ছয় মাসে মহাসড়কটির বরিশাল অংশে অন্তত ১০ জনের প্রাণহানি হয়।
মহাসড়কটির বরিশাল অংশে গড়ে ওঠা বাজারের মধ্যে চৌমাথা, কাশিপুর, রেন্ট্রিতলা, গড়িয়ারপাড়, ছয়মাইল, সাতমাইল, রহমতপুর, জয়শ্রী, লাকুদিয়া, ইচলাদি, শানেওয়ার, বামরাইল, বাটাজোর, মাহিলারা, টরকি, বার্থি, গৌরনদী ও ভুরঘাটা অন্যতম। এসব বাজারের কোনোটিতে সড়কের পাশে ও ওপরে ভাসমান বাজার বসে। প্রতিটি বাজারেই রয়েছে বাস, রিকশা ও অটোটেম্পোর স্ট্যান্ড।
সরেজমিন দেখা যায়, গৌরনদীর টরকি বন্দরের লাখেরা-কসবা সেতু থেকে নীলখোল সেতু পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটারে কয়েক শ স্থাপনা। এসব স্থাপনার কোনো কোনোটি মহাসড়ক থেকে চার-পাঁচ ফুট দূরত্বে, কোনো কোনোটি তারও কম দূরত্বে। মূল বাজারে ঢোকার মুখে বাসস্ট্যান্ডে অসংখ্য রিকশা, ভ্যান ব্যাটারিচালিত যান দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে। এ কারণে দূরপাল্লার বাসগুলোকে সেখানে আটকা পড়তে হচ্ছে।
টরকি বাজারের ব্যবসায়ী নারায়ণ পোদ্দার বলেন, এখান থেকে টেঙ্গুডিয়া, ধানডোবা ও চাঁদশি এলাকায় যাত্রী পরিবহন করে এসব ছোট যান। ফলে এই এলাকা সব সময়ই জনাকীর্ণ থাকে। এ কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। সৃষ্টি হয় যানজট।
গৌরনদীর মাহিলারা এলাকায় সড়কের পাশজুড়ে ভ্রাম্যমাণ বাজার বসে সকাল থেকে। চলে রাত পর্যন্ত। চট বিছিয়ে অথবা সড়কের পাশে দাঁড়িয়ে মাছ-সবজিসহ বিভিন্ন পণ্য বিক্রি করছেন ভাসমান ব্যবসায়ীরা। সড়কের ওপর ক্রেতারা ভিড় জমিয়ে বাজার-সওদা করছেন।
মাহিলারা বাজার ঘিরে মহাসড়কের দুপাশে দু-তিন ফুট দূরত্বে অন্তত ২০০ স্থায়ী দোকান গড়ে উঠেছে। ব্যবসায়ী জলিল রাঢ়ি বলেন, ‘এসব দোকান সবই ব্যক্তিমালিকানার জমিতে। বছর বছর সড়কের দুপাশ বর্ধিত হয় বলে আমরা এখন সড়কের কাছে চলে এসেছি। এগুলো অবৈধ স্থাপনা নয়।’
একই অবস্থা বার্থি বাজার এলাকায়। মহাসড়কের কোল ঘেঁষে ভ্রাম্যমাণ বাজার। বাজারে মাছ-সবজিসহ নানা পণ্যের পসরা নিয়ে বসে আছেন দোকানিরা। এসব দোকানের সামনে ক্রেতাদের ভিড়। ক্রেতারা সড়কের ওপর দাঁড়িয়ে কেনাকাটা করছেন। এখানে কালীমন্দির এলাকায় প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানি ঘটে।
মহাসড়কের গড়িয়ারপাড় এলাকায় গিয়ে দেখা যায় মহাসড়ক ঘেঁষে ২০-২৫টি বাসের কাউন্টার। এসব কাউন্টার সামনে একেবারে সড়কের ওপর উঠে গেছে। এতে যান চলাচলে বিঘ্ন হচ্ছে প্রতিনিয়ত। পাশে অটোরিকশার অবৈধ স্ট্যান্ড থাকায় ভোগান্তির পাশাপাশি ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
মো. সুমন নামের একজন বাসচালক বলেন, এসব কাউন্টার নিয়ন্ত্রণ করেন এলাকার প্রভাবশালী ব্যক্তিরা।
বাটাজোর বাজারে গিয়ে দেখা যায়, মহাসড়ক ঘেঁষে অনেক স্থায়ী দোকান নির্মাণ হয়েছে। এসব দোকানের বেশ কয়েকটিতে আবার তেলের ড্রাম রাখা হয়েছে মহাসড়কের ওপর।
কয়েকজন দোকানমালিক বলেন, সড়কের ওপর মালামাল রাখা ঠিক নয়। তবু জায়গা না থাকায় বাধ্য হয়ে তাঁরা মালামাল রাখেন।
বাজারে একেবারে সড়কের পাশে সওজের জায়গা দখল করে হোটেল ও দোকান গড়ে তুলেছেন বেশ কয়েকজন। তাঁদের একজন নাম গোপন রাখার শর্তে বলেন, ‘আমরা গরিব মানুষ। জমি-জিরাত নাই। তাই সরকারি জমিতে ঘর তুলে ব্যবসা করে বাঁচি। সবাই তো সড়কের পাশের জমি দখল করে ব্যবসা করছে।’
মহাসড়কে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি সড়কের হাতেম আলী কলেজ-সংলগ্ন চৌমাথা এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কের পূর্ব পাশে বাজার। কাঁচা বাজার এগোতে এগোতে একেবারে সড়কের পাশে চলে এসেছে। আবার পশ্চিম পাশে সড়কের ওপরে ব্যাটারিচালিত অটো ও রিকশার স্ট্যান্ড। এসব স্ট্যান্ড থেকে সড়কের ওপর যাত্রী ওঠানামা করানো হচ্ছে। ফলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই বাজারকে কেন্দ্র করে লোকজনের ভিড় লেগেই থাকে। অন্যদিকে বাজারের ক্রেতারা সড়কের ওপর দাঁড়িয়ে কেনাকাটা করেন। ফলে এখানে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে।
এলাকার কয়েকজন বলেন, এই এলাকায় গেল দুই বছরে দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে।
এসব বিষয়ে সওজের বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কে এইচ গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘নতুন সড়ক হলেই একে ঘিরে বাজার, বাড়ি, স্থাপনা নির্মাণ করে সড়কের গলা চেপে ধরার একটি নেতিবাচক প্রবণতা আমাদের দেশে রয়েছে। তারপরও সড়কের পাশে সওজের যেসব জমি অবৈধ দখলে আছে, সেসব জমি উদ্ধারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এখন ব্যক্তিমালিকানার জমিতে কেউ দোকান বা স্থাপনা করলে সেখানে তো আমরা বাধা দিতে পারি না। তা ছাড়া এসব বাজার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের সহায়তা প্রয়োজন।’
জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেন, মহাসড়কের দুপাশের জমি সওজের। এরই মধ্যে এ মহাসড়কের দুপাশ ছয় ফুট বর্ধিত করা হয়েছে। এখন আরও আট ফুট বর্ধিত করা হচ্ছে। অচিরেই এটা চার লেন মহাসড়কে উন্নীত হবে। সে ক্ষেত্রে এসব বাজার আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তিনি আরও বলেন, ‘সওজ যদি আমাদের কাছে অভিযান চালানোর জন্য সহায়তা চায়, অবশ্যই সহায়তা দেব। জেলা প্রশাসন যেকোনো জনসম্পত্তি রক্ষার ক্ষেত্রে বদ্ধপরিকর।’