৪৬ জেলের জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরা ও বিক্রির দায়ে ভোলায় মেঘনা নদীতে ৪০ জেলেকে আটক করেছেন মৎস্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদী থেকে ছয় জেলেকে ধরা হয়।

১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকার, বহন, ক্রয়-বিক্রয় ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে গত শুক্র ও শনিবার বিভিন্ন স্থানে জেল-জরিমানা ছাড়াও বিপুল পরিমাণ জালসহ ইলিশ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

ভোলা: সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, শুক্রবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত ২৮ জন জেলেকেআটক করা হয়েছে। তাঁদের মধ্যে আট জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং পাঁচ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ১৫ জন থানায় আটক রয়েছেন। অভিযানকালে একটি ট্রলার, ১০ হাজার মিটার জাল ও ১৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এসব জাল পোড়ানো এবং মাছগুলো এতিমখানায় দেওয়া হয়।

দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা তুষারকান্তি মজুমদার বলেন, তাঁরা এক জেলেকে ধরেএক মাসের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া ১২ হাজার মিটার জালে অগ্নিসংযোগ ও ২০ কেজি ইলিশ এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়েছে।

চরফ্যাশন উপজেলার মৎস্য কর্মকর্তা পলাশ হালদার বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকেআটক করেছে পুলিশ ও মৎস্য কার্যালয়। তাঁদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বাউফল (পটুয়াখালী): উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, তেঁতুলিয়া নদীতে শুক্রবার রাতে ও গতকাল দুপুরে উপজেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ছয় জেলেকে আটক করেন। তাঁদের প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ফেলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বরিশাল: কোস্টগার্ডের বরিশাল কন্টিনজেন্ট সূত্র জানায়, শুক্রবার কন্টিনজেন্ট কমান্ডার ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকায় নৌকার মধ্যে থাকা পাঁচ বস্তাভর্তি প্রায় সোয়া চার লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এর বাজারমূল্য ১ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকা। জালগুলো জেলা নির্বাহী হাকিমের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কন্টিনজেন্ট কমান্ডার ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ডের এ অভিযান চলবে।