৪৬ পদে শিক্ষক মাত্র ২৬ জন, অচলাবস্থা
শিক্ষকসংকটে বরগুনা সরকারি কলেজে পাঠদানে অচলাবস্থা দেখা দিয়েছে। সাতটি বিষয়ে সম্মান ও একটি বিষয়ে স্নাতকোত্তর ছাড়াও এইচএসসি ও স্নাতক (পাস) পর্যায়ে শিক্ষার্থীদের পাঠদানের জন্য শিক্ষকের ৪৬টি পদ থাকলেও শিক্ষক আছেন মাত্র ২৬ জন। এর মধ্যে দুটি বিভাগ চলছে মাত্র একজন করে শিক্ষক দিয়ে। শিক্ষকসংকটের পাশাপাশি কলেজে বহিরাগত বখাটেদের উৎপাতে শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। কলেজ চলাকালে কলেজ চত্বরে তাস খেলা ও নেশা দ্রব্য পানের আড্ডা বসানোয় কলেজের সামগ্রিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।কলেজের প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, অর্থনীতি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে সম্মান শ্রেণী চালু হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সম্মান শ্রেণীর প্রতিটি বিষয়ে কমপক্ষে তিনজন করে মোট ২১ জন শিক্ষক থাকার কথা, সেখানে শিক্ষক আছেন ছয়জন। বাকি ১৫ জন শিক্ষকের পদ ২০০৯ সাল থেকে শূন্য। এর মধ্যে বাংলা বিভাগে তিনটি, ইংরেজি বিভাগে দুটি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে একটি, ইসলামের ইতিহাস বিভাগে তিনটি, দর্শনে একটি, ইতিহাস বিভাগে একটি, অর্থনীতিতে একটি, হিসাববিজ্ঞানে দুটি ও ব্যবস্থাপনায় দুটি পদ শূন্য রয়েছে। এ ছাড়া এইচএসসি পর্যায়ে রসায়নে একটি, গণিতে একটি, প্রাণিবিদ্যায় একটি, উদ্ভিদ বিজ্ঞানে একটি পদ শূন্য রয়েছে। এখানেও পাঁচটি বিভাগে ১০ জনের মধ্যে চারটি পদে শিক্ষক নেই। রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী সুরাইয়া আক্তার ও ইংরেজি বিভাগের মাঈনুল জানান, শিক্ষকসংকটের কারণে নিয়মিত ক্লাস না হওয়ায় তাঁদের লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে এলেও শিক্ষকের দেখা মেলে না। ফলে তাঁরা ধীরে ধীরে ক্লাসবিমুখ হয়ে পড়ছেন। বাংলা বিভাগের শিক্ষার্থী আমিনা আক্তার ও স্বর্ণা জানান, প্রতিদিন তাঁদের কমপক্ষে তিনটি বিষয়ে ক্লাস হওয়ার কথা, সেখানে একটি ক্লাস হচ্ছে।একই অবস্থা ইংরেজি বিভাগের। এই বিভাগে মাত্র দুজন শিক্ষক থাকায় শিক্ষার্থীরা চরম বিপাকে আছেন। শিক্ষকসংকটের কারণে ইংরেজি বিভাগে প্রায় প্রতিবছর ফল বিপর্যয় ঘটে। শিক্ষকসংকটের কারণে অনেক শিক্ষার্থী এই বিভাগে ভর্তি হয়েও অন্য বিভাগে চলে যান। ইংরেজি বিষয়ের বেহাল অবস্থার কথা বলতে গিয়ে বিভাগের একজন প্রভাষক জানান, সম্প্রতি ডিগ্রি (পাস) কোর্সের নির্বাচনী পরীক্ষায় ইংরেজি বিষয়ের ৫৬ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র দুজন পাস করেছেন। শিক্ষকসংকটের কারণে ফলাফলে এমন বিপর্যয় দেখা দিয়েছে। কলেজের ছাত্রীদের জন্য মাত্র ৩২ আসনের যে ছাত্রীনিবাস রয়েছে, সেখানে থাকে ১১৫ জন। দূরের অনেক ছাত্রী থাকার জায়গা না পাওয়ায় প্রতিদিন অনেক কষ্ট করে বাড়ি থেকে ক্লাস করতে বাধ্য হন। ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক কলেজের গণিত বিভাগের শিক্ষক লিয়াকত হোসেন জানান, ৩৫ শয্যার এই ছাত্রীনিবাসে ১১৫ জন ছাত্রী অনেক কষ্টে বসবাস করছেন। প্রত্যেক কক্ষে আট-নয়জন, এমনকি খাবার কক্ষ, বারান্দায় মেঝেতে বিছানা করে থাকতে হচ্ছে। কলেজের অধ্যক্ষ আবদুল কুদ্দুছ এসব বিষয়ে প্রথম আলোকে বলেন, কলেজে শিক্ষকসংকট ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতি মাসে একবার করে সংশ্লিষ্ট বিভাগে শিক্ষকসংকট দূর করার জন্য আবেদন করা হচ্ছে। কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, ছাত্রীদের আবাসন-সংকট প্রকট। এ জন্য নতুন একটি আবাসিক হল নির্মাণ করার জন্য আবেদন করা হয়েছে। আর বখাটেদের উৎপাত বন্ধের জন্য প্রায়ই মূল ফটকে পুলিশ পাহারা বসানো হয়।