৪৬ পরিবার জবকার্ড পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ভূখণ্ডে থাকা সাবেক ভারতীয় ছিটমহল থেকে ফিরে আসা বাসিন্দাদের ভারত সরকারের পক্ষ থেকে জবকার্ড (কাজের জন্য দেওয়া কার্ড) দেওয়া শুরু হয়েছে গত বুধবার থেকে।
পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা মহকুমা শহরের কৃষি মেলা ময়দানে অস্থায়ীভাবে নির্মিত ক্যাম্পে ইতিমধ্যে ৪৬টি পরিবারের ২২৬ জন সদস্যকে আশ্রয় দেওয়া হয়েছে। দিনহাটার অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নেওয়া ৪৬টি পরিবারকে জবকার্ড দেওয়া হলো।
প্রশাসনের কর্মকর্তারা জানান, জবকার্ড হলো ভারতীয় নাগরিক হওয়ার প্রথম স্বীকৃতি। এই কার্ডপ্রাপ্ত প্রতি পরিবারের কাজে সক্ষম ব্যক্তিরা নিজ যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন। সরকারের ১০০ দিনের কাজের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে এই কার্ডধারীদের।
নাগরিক অধিকার রক্ষা কমিটি ও ছিটমহল আন্দোলনের সাবেক নেতা দীপ্তিমান সেনগুপ্ত গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ক্রমান্বয়ে এসব ব্যক্তিকে ভারত সরকারের আঁধার কার্ড এবং ভোটার পরিচয়পত্র দেওয়া হবে। বুধবারের মহকুমা প্রশাসন থেকে এ জবকার্ড দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটার মহকুমা প্রশাসক কৃষ্ণাভ ঘোষ, সমষ্টি উন্নয়ন কর্মকর্তা পার্থ চক্রবর্তীসহ গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। গত ৩১ জুলাই ভারত-বাংলাদেশের ভূখণ্ডে থাকা ১৬২টি ছিটমহল বিনিময় হয়। এরপরই ১৯ নভেম্বর থেকে দুই দেশের ছিটমহলবাসীর বিনিময় প্রক্রিয়া শুরু হয়। ভারতে বসবাসকারী বাংলাদেশের ৫১টি ছিটমহলের কোনো বাসিন্দা বাংলাদেশে ফিরে যেতে না চাইলেও বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহল থেকে ভারতে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছেন ৯৭৯ জন ভারতীয় ছিটমহলবাসী। ইতিমধ্যে অর্ধেকের বেশি বাসিন্দা ফিরেও এসেছেন। ৩০ নভেম্বরের মধ্যে বাকিদের ফিরে আসার কথা।