৪৬ বছরেও সংরক্ষিত হয়নি আলীগঞ্জের দুটি বধ্যভূমি
স্বাধীনতার ৪৬ বছরেও নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জের দুটি বধ্যভূমি সংরক্ষণ করা হয়নি। একাত্তরের মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি বাহিনী কয়েক শ মুক্তিকামী ব্যক্তিকে হত্যা করে আলীগঞ্জে দুটি জায়গায় ফেলে রাখে।
গতকাল রোববার দুপুরে স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন ওই দুটি বধ্যভূমিতে বাঁশের বেড়া দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ। একই সঙ্গে আলীগঞ্জের দুটি বধ্যভূমির রাষ্ট্রীয় স্বীকৃতি ও বধ্যভূমি দুটিকে সংরক্ষণের দাবিতে ব্যানার ঝুলিয়েছেন তাঁরা। দুটি বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণের সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ফতুল্লা কমান্ডের সাবেক সভাপতি মমিনুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন কমান্ডার জহিরউদ্দিন, ডেপুটি কমান্ডার বশিরুল ইসলাম, আলীগঞ্জ ক্লাবের সভাপতি কাউসার আহম্মেদ, সেক্রেটারি নুরুল ইসলাম, আলীগঞ্জ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদ, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন প্রমুখ। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে মমিনুল ইসলাম বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের ফতুল্লার আলীগঞ্জে মৎস্য উন্নয়ন করপোরেশনের বিপরীতে একটি জলাধারের সামনে ও জননী ফিলিং স্টেশনের বিপরীতে বুড়িগঙ্গার শাখা খালে মুক্তিযুদ্ধের সময় নারায়ণগঞ্জ, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত লাশ এনে ফেলা হতো। স্থানীয় অনেককেও সেখানে এনে হত্যা করে লাশ ফেলে রাখা হয়। এ দুটি বধ্যভূমি স্বাধীনতার দীর্ঘ ৪৬ বছরেও সংরক্ষণ করা হয়নি। অতি দ্রুত এ দুটি বধ্যভূমিকে সংরক্ষণসহ এগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।
জহিরউদ্দিন বলেন, ‘আমরা সরকার ও জেলা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত এ বিষয়ে যেন পদক্ষেপ নেওয়া হয়।’
কাউসার আহম্মেদ বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, ওই দুটি স্থানে কয়েক শ মানুষকে হত্যা শেষে লাশ ফেলে রাখা হয়েছিল। প্রায় প্রতিদিনই সাধারণ মানুষকে হত্যা করে ওই দুই জায়গায় লাশ ফেলে রাখা হতো।’