৪৬ বছরেও স্মৃতিসৌধ ও স্মৃতিস্তম্ভ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুরের বিমানবন্দর সড়কে স্মৃতিসৌধের নির্মাণকাজ অর্থাভাবে বন্ধ রয়েছে l প্রথম আলো
সৈয়দপুরের বিমানবন্দর সড়কে স্মৃতিসৌধের নির্মাণকাজ অর্থাভাবে বন্ধ রয়েছে l প্রথম আলো

মুক্তিযুদ্ধের ৪৬ বছরেও নীলফামারীর সৈয়দপুর উপজেলায় স্মৃতিসৌধ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি। তবে বিজয়ের মাস এলেই নির্মাণকাজ নিয়ে তোড়জোড় শুরু হয়। চলে আলোচনার ঝড়। কিন্তু কিছুদিন পর তা আবার থেমে যায়।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৪৭ সালে দেশ বিভাগের পর বিপুলসংখ্যক বিহারি ভারত থেকে সৈয়দপুর শহরে চলে আসে। ফলে অন্য শহরের চেয়ে সৈয়দপুরের দৃশ্যপট ছিল ভিন্ন। মুক্তিযুদ্ধে বাঙালিদের সংগঠিত করতে নেতৃত্ব দেন তৎকালীন প্রাদেশিক পরিষদ সদস্য শহীদ জিকরুল হকসহ অনেকে। সে সময় পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের আটকে রেখে বিমানবন্দরে মাটি কাটার কাজে লাগিয়ে দেয় ও বাঙালিদের ওপর জুলুম, নির্যাতন চালায়। এতে শহরে বাঙালিরা অবরুদ্ধ হয়ে পড়ে। সেদিন সৈয়দপুর পার্শ্ববর্তী চিরিরবন্দর থানার আলোকডিহি ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান মাহতাব বেগ বন্দুক ও লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়েন বাঙালিদের উদ্ধারে। কিন্তু শহরে ঢোকার প্রাক্কালে হানাদার বাহিনী মিস্ত্রিপাড়া এলাকায় ২৪ মার্চ তাঁকে হত্যা করে। তিনিই এ অঞ্চলের প্রথম শহীদ মুক্তিযোদ্ধা। এ ছাড়া এখানে পাকিস্তানি হানাদার ও তাদের এদেশীয় দোসররা নির্মমভাবে হত্যা করে বিভিন্ন পেশার ও বয়সের মানুষকে।

বিভিন্ন তথ্য থেকে জানা গেছে, মুক্তিযুদ্ধের নয় মাসে সৈয়দপুরে প্রায় চার হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে। শুধু ১৯৭১ সালের ১৩ জুনই পাকিস্তানি বাহিনী হিন্দু ও মাড়োয়ারি পরিবারের ৪৪৮ জনকে হত্যা করে। এসব মানুষকে ভারতে পৌঁছে দেওয়ার কথা বলে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ ট্রেনে তুলে শহরের অদূরে গোলাহাট এলাকায় নিয়ে যায়। সেখানে তাঁদের ট্রেন থেকে নামিয়ে সারিবদ্ধ করে ব্রাশফায়ার করে হত্যা করা হয়।

ওই সব শহীদের স্মৃতিকে ধরে রাখতে বা স্বাধীনতাযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে স্মৃতিসৌধ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কয়েক দফা স্থান পরিবর্তনের পর অবশেষে শহরের গোলাহাটে স্মৃতিস্তম্ভ ও বিমানবন্দর সড়কে স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু হয়। বিরোধীদলীয় হুইপ ও নীলফামারী-৪ আসনের সাংসদ শওকত চৌধুরীর অর্থায়নে ও স্থানীয় লোকজনের সহযোগিতায় কাজ দুটি শুরু হয়।

এর মধ্যে স্মৃতিসৌধ নির্মাণে মাটি ভরাট ও অবকাঠামো কাজে ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে। আর এটি নির্মাণে ব্যয় ধরা হয় এক কোটি টাকা। বর্তমানে অর্থাভাবে বন্ধ হয়ে গেছে স্মৃতিসৌধের কাজ। এ ছাড়া স্মৃতিস্তম্ভের কাজও প্রায় নয় লাখ টাকা ব্যয় করার পর অর্থাভাবে বন্ধ রয়েছে। স্মৃতিসৌধের কাজ বন্ধ থাকার পর এলাকাটি অরক্ষিত হয়ে পড়ে। পরে সৈয়দপুরপৌরসভার উদ্যোগে সীমানাপ্রাচীর নির্মাণ করে দেওয়া হয়।

স্মৃতিসৌধ বাস্তবায়ন কমিটির সাধারণ ও শহীদের সন্তান সৈয়দপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াত হোসেন বলেন, স্থানীয় সাংসদের প্রতিশ্রুত অর্থ ছাড়ে বিলম্ব হওয়ায় নির্মাণকাজটি পিছিয়ে পড়েছে। তবে প্রকল্পের ৬০ ভাগ কাজ শেষ হয়েছে, আগামী স্বাধীনতা দিবসের আগেই নির্মাণকাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শওকত চৌধুরী বলেন, স্মৃতিসৌধ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ যেভাবে হোক শেষ করা হবে। প্রকল্পের কাজে অনিয়ম ও কতিপয় লোকের অসহযোগিতার কারণে কাজ দুটি এগোয়নি। তবে আশা করি, এ বছরসরকারি বরাদ্দ ও উদ্যোগী মানুষের সহযোগিতায় কাজ শেষ হবে।