শহীদজায়া ও নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও জাফর ইকবালের মা আয়েশা ফয়েজের বাড়ির সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ৪৬ জন নাগরিক। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিশিষ্ট এই নাগরিকেরা তাঁদের উদ্বেগের কথা জানান।বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেন, হরতালের প্রথম দিন সোমবার সকালে আয়েশা ফয়েজের বাড়ির সামনের ফটকে কয়েকজন দুষ্কৃতকারী পর পর তিনটি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। দেশের প্রতিক্রিয়াশীল ও মৌলবাদী গোষ্ঠীর ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে আয়েশা ফয়েজ ও তাঁর পরিবারের সদস্যরা সব সময়ই সোচ্চার ছিলেন। তাই ওই ঘটনার পর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে তাঁরা শঙ্কিত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পরিবারটির নিরাপত্তা দাবি করেছেন বিবৃতিদাতারা।পল্লবী থানার ওসি আবদুল লতিফ শেখ প্রথম আলোকে বলেন, ‘আয়েশা ফয়েজের বাসার সামনের রাস্তায় হাতবোমা বিস্ফোরিত হয়। হরতালকারীরা এ কাজ করেছে। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।’ তবে তিনি বলেন, বাসা লক্ষ্য করে এই হামলা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।বিবৃতিতে স্বাক্ষর করেছেন শিক্ষাবিদ আনিসুজ্জামান, জিল্লুর রহমান সিদ্দিকী, অর্থনীতিবিদ আনিসুর রহমান, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীদা খাতুন, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, উন্নয়নবিদ মনোয়ারুল ইসলাম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, শিক্ষাবিদ শামসুজ্জামান, অনুপম সেন, আ আ ম স আরেফিন সিদ্দিক, ফেরদৌসী প্রিয়ভাষিণী, শ্যামলী নাসরিন চৌধুরী, শাহদীন মালিক, শাহীন আনাম, রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, আলী যাকের, ম. হামিদ, সেলিনা হোসেন, পান্না কায়সার, ইফতেখারুজ্জামান, আবুল মোমেন, খালেদা খান, লিয়াকত আলী, খুশী কবির, সুশান্ত কুমার দাস, মেঘনা গুহঠাকুরতা, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ প্রমুখ।