গত বছরের ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনায় রাজশাহীতে ৪৬টি মামলা হয়েছিল। এর মধ্যে ৪৩টিতেই অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এই মামলাগুলো আদালতে বিচারাধীন। এগুলোর মধ্যে এক পুলিশ সদস্য হত্যা মামলায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র অভিযোগপত্রভুক্ত আসামি।
পুলিশ জানায়, বাকি তিনটি মামলা তদন্তাধীন। নির্বাচনের আগের দুই মাসে সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা হয়। এসব মামলায় ৮৮০ জনকে আসামি করা হয়। এর মধ্যে ৯৭ জন গ্রেপ্তার হন। ৫ জানুয়ারি ও এরপর আরও অন্তত ১০টি মামলা হয়।
২০১৩ সালের ২৬ ডিসেম্বর পুলিশের গাড়িতে বোমা হামলায় পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকার নিহত ও পুলিশের ৯ জন সদস্য আহত হন। বোমা হামলা চালানো হয় স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বাসায়, থানায় ও জেলা নির্বাচন কার্যালয়ে। আগুন দেওয়া হয় ভোটকেন্দ্রে। পরদিন ২৭ ডিসেম্বর নগরের বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের (সাবেক ১৮ দল) ৩৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেন। এর একটি হত্যা মামলা, অন্যটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা। এই দুই মামলায়ই অভিযোগপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গত সেপ্টেম্বরে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা ও রাজশাহীর সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৮৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এর আগে বিস্ফোরক মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
৮ নভেম্বর নগরের রাজপাড়া থানা, আওয়ামী লীগের নেতা ও জেলা পরিষদের প্রশাসক মাহাবুব জামানের বাসায় বোমা হামলা করা হয়। ২৫ নভেম্বর জেলা নির্বাচন কার্যালয়ে ককটেল হামলা হয়। ২৮ নভেম্বর শালবাগানে পুলিশের গাড়িতে পেট্রলবোমা হামলা এবং বিনোদপুরে ছাত্রলীগের সাবেক নেতা সেলিম রেজাকে কোপানো হয়। এসব ঘটনায় রাজপাড়া ও বোয়ালিয়া থানায় মামলা হয়। এই দুই থানা সূত্র জানায়, এসব মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। এগুলো আদালতে বিচারাধীন।
৫ জানুয়ারি রাজশাহীতে মাত্র দুটি আসনে ভোট গ্রহণ হয়েছিল। এগুলো হলো রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর)। নির্বাচনকে ঘিরে বেশি সহিংসতা হয় চারঘাটে। ৩১ ডিসেম্বর চারঘাট উপজেলার বালুদিয়াড়ে সরকারদলীয় প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা চালানো হয়। নির্বাচনের আগের দিন কালাবিপাড়া উচ্চবিদ্যালয়, সরদহ উচ্চবিদ্যালয়, সরদহ পাইলট উচ্চবিদ্যালয়, শলুয়া ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়। নির্বাচনের দিন কাকড়ামারীতে একটি ভোটকেন্দ্র দখলের চেষ্টা হয়। এসব ঘটনায় চারঘাট থানায় ১৮টি মামলা হয়। এর মধ্যে শলুয়া ডিগ্রি কলেজ, সরদহ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও কাকড়ামারীতে ভোটকেন্দ্র দখলের মামলা ছাড়া বাকি ১৫টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার গোলাম মর্তুজা প্রথম আলোকে বলেন, বাকি তিনটি মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়া হবে।
৫ জানুয়ারি সবচেয়ে বড় সহিংসতা হয় বাঘা উপজেলার তুলসীপুর গ্রামে। জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীরা সেখানে ভোটকেন্দ্র লুট করতে যান। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এতে ব্যর্থ হয়ে তাঁরা তুলসীপুর-হরিপুর গ্রামে হামলা চালিয়ে নিরীহ গ্রামবাসীর কয়েক শ আমগাছ কেটে ফেলেন। লুট করা হয় শতাধিক ছাগল। তিনজন গ্রামবাসীকে কুপিয়ে জখম ও বাড়িঘরে আগুন লাগানো হয়।
বাঘা থানার ওসি আমিনুর রহমান বলেন, ওই ঘটনায় করা মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।
পবায় ভোটের আগের রাতে শ্যামপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তরা পেট্রলবোমা হামলা চালায়। মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, এ ঘটনায় করা মামলায়ও অভিযোগপত্র দেওয়া হয়েছে।