৪৬ রোহিঙ্গাকে অনুপ্রবেশে বাধা

কক্সবাজারের টেকনাফ উপজেলার তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৪৬ জন রোহিঙ্গা নাগরিককে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার রাত ১০টা থেকে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং, উলুবনিয়া ও লম্বাবিল পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদের বাধা দেওয়া হয়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, গতকাল রাতে উপজেলার হোয়াইক্যং উনছিপ্রাং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় ১২ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষকে আটক করা হয়। পরে তাদের রাত একটার দিকে একই সীমান্ত দিয়ে মিয়ানমারের ফেরত যেতে বাধ্য করা হয়েছে।
আজ সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার উলুবনিয়া ও লম্বাবিল সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৩৪ জন শিশু, নারী ও পুরুষকে আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। তাদের মানবিক সহায়তা দিয়ে দিনের যেকোনো সময় ফেরত পাঠানো হবে।