৪৬টি দেশে কষ্টে আছেন প্রবীণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ৪৬টি দেশে ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণেরা কষ্টে আছেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
আজ ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে এই প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে প্রবীণদের দীর্ঘমেয়াদি সেবা দরকার। কিন্তু তাঁরা সেবা পাচ্ছেন না।
প্রতিবেদন অনুযায়ী, যে ৪৬টি দেশে প্রবীণেরা সামাজিক সুরক্ষা পান না, সে দেশগুলোয় বিশ্বের ৮০ শতাংশ প্রবীণের বাস। ‘এলটিসি প্রটেকশন ফর ওল্ডার পারসনস: আ রিভিউ অব কাভারেজ ডেফিসিটস ইন ফরটি সিক্স কান্ট্রিজ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, যত্ন করার মানুষ নেই বলে প্রবীণেরা ভুগছেন। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই সংকট সবচেয়ে প্রকট। এই অঞ্চলের প্রবীণদের সেবায় ৮০ লাখ ২০ হাজার দক্ষ কর্মী দরকার। এ সংকটের কারণে এই অঞ্চলের ৬৫ শতাংশ প্রবীণ দীর্ঘমেয়াদি সেবা থেকে বঞ্চিত। আফ্রিকায় সাড়ে ১০ লাখ মানুষ প্রয়োজন। দক্ষ মানুষ নেই বলে এই অঞ্চলে ৯০ শতাংশ প্রবীণ প্রয়োজনের সময় সেবা পান না। আইএলও বলছে, প্রবীণদের সেবায় দক্ষ জনশক্তি ব্যবহার করা হলে বেকারদের জন্য কাজের সুযোগ তৈরি হবে।
আইএলওর স্বাস্থ্যনীতি সমন্বয়ক জেনিয়া শেইল অ্যাডলাং বলেন, বিশ্বব্যাপী এই সংকটের কারণ বাড়ির মেয়েরা প্রবীণদের সেবা দিয়ে আসছেন আবহমানকাল থেকে। ধরেই নেওয়া হয়, এভাবেই প্রবীণদের সেবা নিশ্চিত হবে। কিন্তু শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সেবাদানকারীর সংখ্যা পরিবারে কমছে। এদিকে নীতিনির্ধারকদের নজর দেওয়া প্রয়োজন।
প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোতে বেশির ভাগ ক্ষেত্রেই প্রবীণদের অন্তর্ভুক্ত করা হচ্ছে না। বিশ্বের মাত্র ৫ দশমিক ৬ শতাংশ মানুষ এই সুরক্ষা পান। প্রবীণদের ব্যাপারে সবচেয়ে উদার ইউরোপীয় দেশগুলোও তাদের জিডিপির মাত্র ২ শতাংশ প্রবীণদের জন্য ব্যয় করছে।
আইএলও প্রবীণদের জন্য দীর্ঘমেয়াদি যত্ন নিশ্চিত করতে দেশগুলোকে আহ্বান জানিয়েছে। বেঁচে থাকা ও চিকিৎসার জন্য যেন প্রবীণদের নিজেদের পকেট থেকে টাকা খরচ করতে না হয়, সে বিষয়ে রাষ্ট্রগুলোকে দায়িত্ব নিতে অনুরোধ করা হয়েছে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী: আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে গতকাল বুধবার আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তাঁরা প্রবীণদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন। রাষ্ট্রপতি প্রবীণদের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি এবং কল্যাণমূলক সংগঠনগুলোকেও সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বাণীতে বলেন, তাঁর সরকার সব ক্ষেত্রে প্রবীণদের অধিকার সুনিশ্চিত করবে। প্রবীণেরা তাঁদের কর্মময় জীবনে উৎসাহ-উদ্দীপনা ও আন্তরিকতার সঙ্গে দেশ গঠনে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। জীবনসায়াহ্নে তাঁদের যথাযথভাবে দেখাশোনা ও কল্যাণ করা রাষ্ট্র, সমাজ ও পরিবারের অবশ্যকর্তব্য।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আজ সমাজসেবা অধিদপ্তর ‘নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভুক্তি’ নিয়ে আলোচনার আয়োজন করেছে। এ ছাড়া অফিসার্স ক্লাব, ঢাকা সকাল সাড়ে সাতটায় অফিসার্স ক্লাবে প্রীতি সমাবেশ ও র্যা লি করবে। বাংলাদেশ জাতিসংঘ সমিতি তিনজন প্রবীণ ব্যক্তিকে সম্মাননা জানাবে।