আগামী ৩১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। নির্ধারিত পরীক্ষাগুলোতে উত্তীর্ণ গ্র্যাজুয়েট ও পদক পাওয়া ব্যক্তিরা সমাবর্তনে অংশ নিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবর্তনে অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে আবেদনপত্র সংগ্রহ করে যথাযথ প্রক্রিয়া শেষে ১১ মার্চের মধ্যে একই দপ্তরে তা জমা দিতে হবে। ২২ ফেব্রুয়ারি থেকে সমাবর্তনের ফরম সংগ্রহ করা যাবে।সমাবর্তনে ২০০৭, ২০০৮, ২০০৯ ও ২০১০ সালের এমএস, ২০০৮, ২০০৯ ও ২০১০ সালের এমএ, এমএসএস এবং ২০০৮, ২০০৯ ও ২০১০ সালের এমবিএ, এলএলএম ও এম ফার্ম ডিগ্রি, ২০০৮, ২০০৯ ও ২০১০ সালের বিএসসি (সম্মান), বি ফার্ম (সম্মান), ২০০৯, ২০১০ ও ২০১১ সালের বিএ (সম্মান), বিএসএসসহ (সম্মান) বিভিন্ন বিভাগের নির্ধারিত পরীক্ষাগুলোতে ডিগ্রি পাওয়া গ্র্যাজুয়েট ও পদক পাওয়া ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারবেন। ২০১০ ও ২০১১ সালের স্নাতকোত্তর চিকিৎসা ও গবেষণা ডিগ্রি, এমফিল এবং পিএইচডি ডিগ্রি পাওয়া গ্র্যাজুয়েট ও পদক পাওয়া ব্যক্তিরাও সমাবর্তনে অংশ নিতে পারবেন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবর্তনে গ্র্যাজুয়েট ও পদক পাওয়া ব্যক্তিদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সরবরাহ করা নির্দিষ্ট একাডেমিক পোশাক পরতে হবে। গ্র্যাজুয়েটদের কেউ আগে ডিগ্রির মূল সনদ সংগ্রহ করে থাকলে তাঁদের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে মূল সনদ জমা দিয়ে সমাবর্তনে অংশগ্রহণ করতে হবে। আগামী ১১ মার্চের পরে কোনো ফিস গ্রহণ করা হবে না।আগামী ২৮, ২৯ ও ৩০ মার্চ সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্যান্ডেলে সমাবর্তনের আমন্ত্রণপত্র ও পোশাক নিতে হবে। সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।