৪৬১ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, দেশের ৪৬১টি উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। এতে করে দেশের শতকরা ৯৯ দশমিক ৫ ভাগের বেশি জনগণকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা সম্ভব হয়েছে। পার্বত্য চট্টগ্রামের কিছু দুর্গম অফগ্রিড এলাকা ছাড়া মুজিববর্ষে গ্রিড-অফগ্রিডের শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম নিশ্চিতের রোডম্যাপ প্রণয়ন করে নিবিড় তদারকির মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

আজ বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সাংসদ মমতা হেনার এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ এ তথ্য জানান। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

সরকারি দলের সাংসদ কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ২০-২১ অর্থবছরে দেশে উৎপাদিত বিদ্যুতের ৫৬ দশমিক ৪২ ভাগ আবাসিক খাতে, ১০ দশমিক ৫৮ ভাগ বাণিজ্যিক খাতে এবং ২৮ দশমিক ৪০ ভাগ শিল্প খাতে ব্যবহৃত হয়েছে।

সরকারদলীয় সাংসদ নুরন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, বিদ্যুৎ খাতের উন্নয়ন ও ভবিষ্যতে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা বিবেচনা করে ২০২১ সালের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার লক্ষ্যমাত্রা ২৪ হাজার মেগাওয়াট নির্ধারণ করা হয়েছিল। বিগত ১২ বছরে ক্ষমতা বৃদ্ধি পেয়ে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ ২৫ হাজার ২৩৫ মেগাওয়াটে উন্নীত হওয়ার মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

বেনজির আহমেদের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, এ যাবত আবিষ্কৃত ২৮টি গ্যাসক্ষেত্রের মধ্যে বর্তমানে ২০টি গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন করা হচ্ছে। বর্তমানে উত্তোলনরত গ্যাসকূপের সংখ্যা ১০৪টি। সম্প্রতি সিলেটের জকিগঞ্জে একটি নতুন গ্যাসক্ষেত্র বাপেক্স কর্তৃক আবিষ্কৃত হয়েছে। এখানে ৬৮ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে। এর মধ্যে ৪৮ বিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য।

মোরশেদ আলমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, বর্তমানে দেশে প্রিন্ট মিডিয়ার সংখ্যা ৩ হাজার ১৯৫ এবং ইলেকট্রনিক মিডিয়ার সংখ্যা ১০৩। ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা ৪, অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৪৫, রাষ্ট্রীয় মালিকানাধীন বেতারকেন্দ্র ১৪টি, সরকার অনুমোদিত বেসরকারি এফএম রেডিও ২২টি এবং কমিউনিটি রেডিও ১৮টি।