৪৬২ শতাংশ কর বৃদ্ধির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর পৌরসভা সামগ্রিকভাবে আগামী পাঁচ বছরের জন্য প্রায় ৪৬২ শতাংশ হোল্ডিং কর বৃদ্ধির প্রস্তাব করেছে। তবে হোল্ডিং গ্রাহকদের মধ্যে এই বৃদ্ধির হার ৮০০ শতাংশ থেকে সাড়ে নয় হাজার শতাংশ। লাগামহীন কর বৃদ্ধির প্রস্তাব করায় ক্ষুব্ধ পৌরবাসী।
কর বৃদ্ধির প্রস্তাবের বিপরীতে আপত্তি জানাতে পৌরসভায় ভিড় জমাচ্ছেন বাসিন্দারা। আপত্তি ফরম কিনতে গিয়েও আগের চেয়ে ৪০০ শতাংশ বেশি টাকা দিতে হচ্ছে তাঁদের। আগে ওই ফরমের দাম ছিল ১০ টাকা। এবার তা বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। ১২ হাজার ৭৯৫ জন হোল্ডিং গ্রাহক আপত্তি দিলে পৌরসভা শুধু ফরম বিক্রি করেই ছয় লাখ ৩৯ হাজার ৭৫০ টাকা আয় করতে পারবে। গতকাল বুধবার পর্যন্ত তিন হাজার ৯০২ জন গ্রাহক আপত্তি ফরম জমা দিয়েছেন।
পৌরসভা জানায়, ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর পৌরসভার বর্তমান আয়তন ১৭ দশমিক ৩৮ বর্গকিলোমিটার। বর্তমানে প্রায় ১৫ হাজার ৭৯৫ হোল্ডিং গ্রাহক বসবাস করেন। এর মধ্যে পুরোনো গ্রাহক আছেন ১২ হাজার ৭৯৫ জন। ২০০৯-১০ অর্থবছর থেকে তাঁদের জন্য মোট কর ধার্য ছিল দুই কোটি ৪০ লাখ ছয় হাজার ৩৭৬ টাকা। আগামী পাঁচ বছরের জন্য ওই পুরোনো গ্রাহকদের কাছ থেকে ১৩ কোটি ৪৯ লাখ টাকা কর আদায়ের পরিকল্পনা নিয়েছে পৌর কর্তৃপক্ষ। এই করের প্রস্তাব আগের চেয়ে প্রায় ৪৬২ শতাংশ বেশি। তবে সব গ্রাহককে একই হারে বর্ধিত কর দিতে হবে না।
পৌরসভার হোল্ডিং কর নির্ধারণ নিয়ে গত বছরের ৪ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক গেজেটে বলা হয়েছে, হোল্ডিংভুক্ত ভবনের ১২ মাসের ভাড়া যত হতে পারে, তার থেকে দুই মাসের ভাড়া বাদ দিয়ে ১০ মাসের ভাড়ার সর্বোচ্চ ২৭ শতাংশ টাকা হোল্ডিং কর হিসেবে ধরতে পারে পৌরসভা। ওই গেজেট অনুযায়ী ফরিদপুর পৌরসভা সর্বোচ্চ ২৭ শতাংশ হারেই নতুন কর বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
নতুন বর্ধিত করের প্রস্তাব গত জুন মাসের শেষের দিকে মাইকিং করে পৌরবাসীকে জানায় পৌর কর্তৃপক্ষ। এতে গ্রাহকদের উদ্দেশে বলা হয়েছে, নতুন করারোপের ব্যাপারে কারও আপত্তি থাকলে পৌরসভা থেকে ৫০ টাকা দিয়ে একটি আপত্তি ফরম সংগ্রহ করে ২৯ জুন থেকে ২৪ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে।
গত সপ্তাহে তিন দিন পৌরভবনে গিয়ে দেখা গেছে গ্রাহকদের বেশ ভিড়। তাঁরা প্রথমে কর শাখায় যোগাযোগ করছেন। নিজেদের বাসার ঠিকানা দিয়ে জেনে নিচ্ছেন, নতুন প্রস্তাব অনুযায়ী কত কর হবে। পৌরকর্মীরা একটি কাগজে বর্ধিত করের তথ্য লিখে দিচ্ছেন। গ্রাহকেরা এরপর আপত্তি ফরম সংগ্রহ করে তা পূরণ করছেন এবং ওই কাগজ সংযুক্ত করে জমা দিচ্ছেন।
দক্ষিণ ঝিলটুলীর বাসিন্দা সৈয়দ তৌহিদুল হক বলেন, ‘আগে আমার চার মাসের হোল্ডিং কর ছিল ১০৭ টাকা। এখন তা বাড়িয়ে ১০ হাজার ৩৯৫ টাকা প্রস্তাব করা হয়েছে।’ হিসাব করলে তৌহিদুলকে আগের চেয়ে প্রায় ৯ হাজার ৬১৫ শতাংশ টাকা বেশি দিতে হবে।
দক্ষিণ আলীপুর মহল্লার আবুল কালাম আজাদ বলেন, ‘আগে আমার বাড়ির চার মাসের হোল্ডিং কর ছিল ১৩৫ টাকা। তা পাঁচ হাজার ৪৫৬ শতাংশ বাড়িয়ে ১৫ হাজার টাকা ধরবে বলে পৌরসভা জানিয়েছে।’ আলীপুর মহল্লার মতিন ফকিরেরও চার মাসের কর ১৩৫ টাকা ছিল। চার হাজার ৯০০ শতাংশ বাড়িয়ে ছয় হাজার ৭৫০ টাকা কর প্রস্তাব করা হয়েছে। কালীবাড়ি মহল্লার মো. শাহজাহানের কর ১৫০ টাকা থেকে ৮০০ শতাংশ বাড়িয়ে এক হাজার ৩৫০ টাকা প্রস্তাব করা হয়েছে।
কর বাড়ানো প্রসঙ্গে পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী প্রথম আলোকে বলেন, ‘সরকার পৌরসভাগুলোকে আয় বাড়াতে মডেল ট্যাক্স ধার্যের জন্য চাপ দিচ্ছে। বেতন, বিদ্যুৎ, তেল খরচসহ ফরিদপুর পৌরসভার মাসে ব্যয় ৭৭ লাখ টাকা। সরকার বছরে মাত্র ৩৭ হাজার টাকা ভর্তুকি দেয়। তাই পৌরসভার ব্যয় বাড়ানোর দিকে আমাদের নজর দিতে হয়েছে।’ মেয়র আশ্বাস দিয়ে বলেন, ‘তবে যে হারে পৌর হোল্ডিং কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, আপত্তি শুনানির সময় তা কমিয়ে সহনশীল পর্যায়ে নিয়ে আসা হবে।’