৪৬৫টি কলা ও মেহগনি গাছ কেটে সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার তালুক ইশাদ গ্রামে গত রোববার দিবাগত রাতে দুই কৃষকের ৪৫০টি কলাগাছ ও এক বিঘা জমির পটোলখেত কেটে সাবাড় করে ফেলেছে দুর্বৃত্তরা। পাবনার আটঘরিয়া উপজেলার ক্ষিদিরপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের জমি নিয়ে অধ্যক্ষর সঙ্গে জমিদাতাদের বিরোধের জের ধরে প্রাণ গেছে ১৫টি মেহগনিগাছের।পীরগাছা এলাকার লোকজন ও জমির মালিক সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের তালুক ইশাদ গ্রামের কৃষক শামছুল হক অনেক আশা নিয়ে এক একর জমিতে সাড়ে পাঁচ শ কলাগাছ এবং এক বিঘা জমিতে পটোলের চাষ করেন। একই গ্রামের কৃষক আশিকুর রহমানও শামছুল হকের জমির পাশে দেড় বিঘা জমিতে সাড়ে চার শ কলাগাছ লাগান। শামছুল হকের পটোলখেতে পটল ধরেছে এবং ইতিমধ্যে তিনি ২০ হাজার টাকার পটোল বিক্রিও করেছেন। কিন্তু কলা কাটতে আরও এক মাসের মতো সময় লাগবে। এ অবস্থায় গত রোববার রাতে দুর্বৃত্তরা শাসছুল হক ও আশিকুর রহমানের কলাবাগানে ঢুকে প্রায় সাড়ে চার শ কলাগাছ ও কলার ছড়ি কেটে ফেলে। অপর দিকে দুর্বৃত্তরা শামছুল হকের এক বিঘা জমিতে লাগানো পটোলগাছের গোড়া কেটে দিয়েছে। পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফসার আলী বলেন, ‘ক্ষতিগ্রস্ত কলাবাগান ও পটোলখেত ঘুরে দেখেছি। যারা এ কাজ করেছে, তারা অমানুষ।’ এদিকে পাবনার আটঘরিয়ায় জমিদাতারা অধ্যক্ষের ওপর ক্ষিপ্ত হয়ে গত রোববার ভোরে ১৫টি মেহেগনিগাছ কেটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অধ্যক্ষ মো. শাহিনুজ্জামান বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। শাহিনুজ্জামানের দাবি, ঘটনার দিন ভোর ছয়টায় কলেজের পার্শ্ববর্তী বাড়ির আবদুল কাদের খান (৬০) ও তাঁর ছেলে উজ্জ্বল হোসেন (৩০) লোকজন নিয়ে কলেজে হানা দেন। তাঁরা কুড়াল দিয়ে কলেজের সীমানায় থাকা ১৫টি মেহগনিগাছ কাটতে থাকেন। বিষয়টি টের পেয়ে তিনি গাছ কাটতে নিষেধ করলেও তাঁরা শোনেননি। অভিযোগ অস্বীকার করে আবদুল কাদের খান বলেন, ‘গাছগুলো কলেজের নয়। আমরার জমিতে ছিল। তাই আমি কেটেছি।’