৪৬৯ বাংলাদেশি ও রোহিঙ্গা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশের সমুদ্র উপকূলে এক নৌযান থেকে ৪৬৯ জন বাংলাদেশি ও রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মুক্তিপণ আদায় শেষে থাইল্যান্ডের গভীর জঙ্গলে পাচারকারীদের কবলে থাকা বন্দিশিবির থেকে তাঁদের ইন্দোনেশিয়া অভিমুখে পাঠিয়ে দেওয়া হয়।
কয়েকটি গণমাধ্যমে উদ্ধার হওয়া এ অভিবাসীদের সংখ্যা ৫০০ থেকে ৬০০ বলা হয়েছে। একটি গণমাধ্যমে অভিবাসীদের রোহিঙ্গা বলে উল্লেখ করা হয়। এদিকে মালয়েশিয়ার মালাক্কা প্রণালিতে সাত-আট হাজার বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসী আটকে রয়েছেন বলে জানিয়েছে একাধিক বার্তা সংস্থা। খবর বিবিসি, এএফপি, রয়টার্স ও ব্যাংকক পোস্টের।
ইন্দোনেশিয়ার একজন সরকারি কর্মকর্তা বলেন, গতকাল রোববার সকালে এই অভিবাসীদের উদ্ধার করা হয়। আচেহর প্রাদেশিক উদ্ধার ও অনুসন্ধান বিভাগের প্রধান বুদিওয়ান এএফপিকে বলেছেন, ‘সকালে জেলেদের কাছ থেকে আমরা খবর পাই, উত্তর আচেহর উপকূলে অভিবাসীদের বহনকারী নৌযান ভাসছে। পরে উদ্ধারকর্মীরা গিয়ে নারী ও শিশুসহ ৪৬৯ জন বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গাকে উদ্ধার করেন। সবাই নিরাপদ আছে।’
এই কর্মকর্তা আরও বলেন, এই ব্যক্তিদের উত্তর আচেহ জেলার একটি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। সেখানে পুলিশ ও অভিবাসন কর্মকর্তারা তাদের উদ্দেশ্য সম্পর্কে জেনে পরবর্তী পদক্ষেপ নেবেন।
ইন্দোনেশিয়ার একটি দুর্যোগ ব্যবস্থাপনা সংগঠনের কর্মকর্তা দারসা বলেন, সকালে উত্তর আচেহর সমুদ্রসৈকতের কাছাকাছি আনার পর এই অভিবাসীদের সাঁতরে উপকূলে উঠতে বলা হয়। অভিবাসীদের একজন তাঁকে বলেছেন, ‘এজেন্ট (দালাল) তাঁদের বলেছেন, তাঁরা মালয়েশিয়ায় ছিলেন। উপকূলের কাছে এনে সাঁতার দিতে বলার পর কেউ কেউ সাঁতার দেন। আর যাঁরা নৌযানেই ছিলেন, তাঁদের জেলেরা পরে আবিষ্কার করেন। জেলেরা বলেন, তাঁরা এখন ইন্দোনেশিয়ায়।’
কর্মকর্তারা বলেন, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ৮৩ জন নারী ও ৪১টি শিশু। নারীদের একজন অন্তঃসত্ত্বা। শিশুদের কারও কারও বয়স ১০ বছরের নিচে।
এদিকে জাকার্তা থেকে অভিবাসনবিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের মিশন উপপ্রধান ও মানবাধিকারবিষয়ক আইনজীবী স্টিভ হ্যামিলটন বলেন, নারী-পুরুষ ও শিশুদের বহনকারী দুটি নৌযান থেকে ৫০০ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। একটি নৌযানে ৪৩০ জন, অপরটিতে ৭০ জন ছিলেন।
তবে আচেহ সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির মুখপাত্র মোহাম্মদ আরিফ মুত্তাকিনের উদ্ধৃতি দিয়ে রয়টার্স বলেছে, ‘দুটি নৌযানে প্রায় ৬০০ অভিবাসীকে উদ্ধার করা হয়। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আরোহীরা মিয়ানমার থেকে এসেছেন। তাঁরা রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের।’
রোহিঙ্গা অভিবাসীদের ওপর নজরদারিতে নিয়োজিত সংগঠন আরাকান প্রোজেক্টের পরিচালক ক্রিস লিউয়া উদ্ধার অভিবাসীদের ব্যাপারে বলেন, খাবার ও পানির অভাবে এই অভিবাসীদের অনেকে দুর্বল হয়ে গেছেন।
কর্মকর্তাদের ধারণা, ইন্দোনেশিয়া উপকূলে আসার আগে এই অভিবাসীরা প্রথমে থাইল্যান্ডের জঙ্গলে পাচারকারীদের বন্দিশিবিরে ছিল। সেখানে পাচারকারীরা তাদের মুক্তিপণ বাবদ স্বজনদের কাছ থেকে অর্থ আদায় করে। পরে সমুদ্রপথে ইন্দোনেশিয়ার দিকে ঠেলে দেয়।
উত্তর আচেহর পুলিশ প্রধান আচমাদি জানান, সাধারণভাবে অভিবাসীরা সবাই ক্ষুধা-তৃষ্ণায় আক্রান্ত। অনেকে একেবারে শুকিয়ে গেছেন। প্রায় ৫০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
মালাক্কায় অভিবাসীরা: ক্রিস লিউয়া বলেন, মালয়েশিয়ার মালাক্কা প্রণালিতে বর্তমানে আনুমানিক সাত থেকে আট হাজার বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসী বিভিন্ন নৌযানে আটকে রয়েছে। থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকারের অভিযান চলতে থাকায় প্রাথমিক এ দুই গন্তব্যস্থলে ভিড়তে পারছে না তারা।
ক্রিস লিউয়া বলেন, নৌযানে ঠাসাঠাসি করে থাকায় এবং খাবার ও পানির অভাবে এই অভিবাসীদের স্বাস্থ্য ক্রমশ খারাপ হচ্ছে। গত কয়েক মাসে তাদের কয়েকজন মারাও গেছে বলে খবরে জানা গেছে।
বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি: থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস থেকে গত শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শংখলা প্রদেশে দুই দিনের এক জরুরি পরিদর্শনে গিয়ে বাংলাদেশি রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম গভীর জঙ্গল থেকে উদ্ধার হওয়া ১৫ ‘বাংলাদেশির’ সঙ্গে দেখা করেছেন।
এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ছিলেন। পরিদর্শনকালে সাদাও জেলার একটি হাসপাতালে যান রাষ্ট্রদূত তাসনিম। পাচারকারীদের এক বন্দিশিবিরের কাছ থেকে সম্প্রতি জীবিত উদ্ধার একজন বাংলাদেশি অভিবাসী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
টোটন সাহা (২৮) নামের নারায়ণগঞ্জের এই বাসিন্দার খোঁজখবর নেন রাষ্ট্রদূত এবং তাঁকে দেশে পরিবারের কাছে ফেরত পাঠানোর ব্যাপারে আশ্বাস দেন তিনি।
ইতিমধ্যে থাই পুলিশের বরাত দিয়ে বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে, থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্ত থেকে গত শুক্রবার উদ্ধার করা আরও ১২৩ জনের মধ্যে কথিত ৯২ জন বাংলাদেশি শংখলার রাথাফুম পুলিশ স্টেশনে রয়েছে। তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, শংখলার একটি পাহাড়সংলগ্ন জঙ্গল থেকে গত শনিবার ৩২ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার একই প্রদেশের জঙ্গলে মানব পাচারকারীদের ঘাঁটি থেকে ১১৭ জন অভিবাসীকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে ৯২ জনই বাংলাদেশি। এ নিয়ে দুই দিনে দেশটির মালয়েশিয়া সীমান্ত এলাকা থেকে মোট ১২৪ জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হলো।