এক বছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবির আন্দোলনে জড়িত ৪৭ শিক্ষার্থীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের কাছে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ১১ আগস্ট মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নগর পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন।জানা গেছে, গত বছরের ২৬ জুলাই থেকে ২ আগস্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আন্দোলন, অবরোধ, ভাঙচুর করেছিলেন ছাত্ররা। এই ঘটনায় তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ আলাদাভাবে পাঁচটি মামলা করেছিল। এর মধ্যে একটি মামলায় সাক্ষ্য-প্রমাণ পাওয়া না যাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। অপর চারটি মামলার আসামির সংখ্যা প্রায় ৫০০।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এক বছর আগে দায়ের করা মামলা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন অনেকটা নমনীয়, ছাত্র-শিক্ষক সম্পর্কেরও উন্নতি হয়। এ কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা চারটি প্রত্যাহারের উদ্যোগ নেয়।ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম স্বাক্ষরিত প্রশাসনের কাছে লেখা চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব মামলা পরিচালনা করতে আগ্রহী নয়। তাই বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।চিঠি প্রদানের বিষয়টি স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক এ এফ ইমাম আলী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইমাম আলী সেই সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিলেন।আন্দোলনকারী শিক্ষার্থীদের সমম্বয়ক তবারক হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক ভূমিকা পালন করলেও পুলিশ প্রশাসনের ভূমিকা রহস্যজনক। এর মধ্যে পুলিশ একটি মামলার অভিযোগপত্র জমা দিয়েছে। এ কারণে এখন আমরা গ্রেপ্তার আতঙ্কে ভুগছি।’উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে গত বছরের ২৬ জুলাই আন্দোলন শুরু করেন। আন্দোলন চলাকালে ১ আগস্ট নগরে এবং ২ আগস্ট পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই আগস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে ব্যাপক ভাঙচুর করা হয়।