৪৭ দিন পর কার্যালয়ে বিএনপির নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রথম আলো
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রথম আলো

৪৭ দিন পর আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পা পড়ল দলটির নেতা-কর্মীদের। আর প্রায় আড়াই মাস পর কার্যালয়ে গেলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেলা ১১টার দিকে বিএনপির সহদপ্তর সম্পাদকেরা এবং কয়েকজন কেন্দ্রীয় নেতা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। কার্যালয়ের বাইরে পুলিশ থাকলেও আজ কাউকে ভেতরে ঢুকতে বা বের হতে বাধা দেওয়া হয়নি।

গত বছরের ৩০ নভেম্বর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে কার্যালয় থেকে গ্রেপ্তারের পর সেখানে কোনো নেতা প্রবেশের চেষ্টা করেননি। পুলিশ ওই কার্যালয় অবরুদ্ধ করে রাখে। তবে ভারপ্রাপ্ত মহাসচিব এরও এক মাস আগ থেকে কার্যালয়ে যাওয়া বন্ধ করেন। এই দীর্ঘ সময়ে তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।

মির্জা ফখরুল কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেন বেলা একটার কিছু পরে। সেখানে অন্য নেতারা তাঁকে স্বাগত জানান। তিনি সেখানে খুব অল্প সময় অবস্থান করেন।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম ‘প্রথম আলো’কে বলেন, তাঁরা সকালে কার্যালয়ে আসেন। তবে পুলিশ কাউকে এখন পর্যন্ত ঢুকতে বা বের হতে বাধা দেয়নি।

অন্য যেসব নেতা কার্যালয়ে যান তাঁরা হলেন সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ, শামীমুর রহমান, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, রফিক শিকদার প্রমুখ।