টানা ৪৭ দিন পর নগর ভবনে অফিস করলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম। গত ৬ জানুয়ারি থেকে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ শুরু হওয়ার পর থেকে মেয়র তাঁর বাসভবনে দাপ্তরিক কাজ করতেন। গতকাল সোমবার নগর ভবনে তাঁর কার্যালয়েই দাপ্তরিক কাজ করেছেন তিনি।
করপোরেশন সূত্রে জানা গেছে, মন্জুর আলম সিটি করপোরেশনের একটি অ্যাম্বুলেন্সে করে গতকাল বেলা ১১টার দিকে আন্দরকিল্লায় নগর ভবনে আসেন।
ভবনের দ্বিতীয় তলায় তাঁর কার্যালয়ে প্রায় আড়াই ঘণ্টা অবস্থান করেন তিনি। ওই সময় তিনি করপোরেশনের শাখাপ্রধানদের
সঙ্গে বৈঠক করেন। বেলা দেড়টার দিকে আবার অ্যাম্বুলেন্সে করে নগর ভবন ত্যাগ করেন। নগর ভবনে আসা-যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের সামনে মেয়রের নিরাপত্তায় পুলিশ ছিল।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী বলেন, করপোরেশনের বিভিন্ন শাখার প্রধান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মেয়র। সেখানে তিনি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন পরামর্শ দেন।
১০ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘কার্যালয়ে যান না মেয়র, বাসাতেই দাপ্তরিক কাজ’ শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। তবে গত ২৮ জানুয়ারি ও ১৯ ফেব্রুয়ারি করপোরেশনের সাধারণ সভায় সভাপতিত্ব করার জন্য নগর ভবনে যান মেয়র।
মেয়র মন্জুর আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি তো নিয়মিত অফিস করি। এত দিন বাসায় করতাম। আজকে (গতকাল সোমবার) নগর ভবনে করেছি। এখন থেকে এখানে নিয়মিত অফিস করার চিন্তাভাবনা রয়েছে।’ এত দিন নগর ভবনে কেন অফিস করেননি, জানতে চাইলে মুঠোফোনের সংযোগ কেটে দেন তিনি।
মেয়রের সঙ্গে গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন করপোরেশনের প্যানেল মেয়র-৩ হাসান মাহমুদ হাসনী, সচিব রশিদ আহমদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী ও আনোয়ার হোছাইন, প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক, প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী মুনিরুল হুদা ও কামরুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী।