৪৭ লাখ টাকা ছিনতাই ঘটনায় চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে একজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৪৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানিয়েছে, গত সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে র্যাব-১ এই চারজনকে গ্রেপ্তার করে। ছিনতাই হওয়া পাঁচ লাখ ১২ হাজার টাকা, এক লাখ ৩৯ হাজার ভারতীয় রুপি ও ছিনতাইয়ে ব্যবহৃত দুটি মোটরসাইকেল তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ওই চারজন হলেন মাহাবুল আলম, বাদশা মিয়া, নয়ন দারিয়া ও মাসুদ রানা। তাঁদের মধ্যে মাহাবুল ও বাদশা মিয়া সরাসরি ছিনতাইয়ের কাজে অংশ নেন। অপর দুজন তথ্যদাতা হিসেবে কাজ করেন।
১ জুলাই গুলশানের নিকেতন এলাকায় মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী সাইফুল ইসলামকে ছুরিকাঘাত করে ৪৭ লাখ টাকা নিয়ে যায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। সাইফুল গুলশানে লোকনাথ মানি এক্সচেঞ্জ নামে একটি প্রতিষ্ঠানের মালিক। মুদ্রা নিয়ে বাসা থেকে নিজ প্রতিষ্ঠানে যাওয়ার সময় তিনি ছিনতাইকারীদের খপ্পরে পড়েন।
র্যাব-১-এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ সাংবাদিকদের জানান, গ্রেপ্তার চারজন ভদ্রবেশী ছিনতাইকারী। এমনিতে তাঁরা নিজেদের ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। কিন্তু আসল পেশা ছিনতাই ও প্রতারণা। জাল জাতীয় পরিচয়পত্র তৈরি থেকে শুরু করে ভুয়া নামে ব্যাংক থেকে ঋণ নেওয়া—সবই করে থাকে এই চক্র।