৪৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীর গুলশানে গতকাল মঙ্গলবার সকালে ছিনতাইকারীরা সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৪৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে তিনি দুপুরে গুলশান থানায় মামলা করেছেন।
গুলশান থানার পুলিশ জানায়, সাইফুল মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন। গুলশানের ডিসিসি মার্কেটের দ্বিতীয় তলায় তাঁর ওই ব্যবসাপ্রতিষ্ঠান।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাইফুল জানিয়েছেন, সকাল নয়টার দিকে একটি ব্যাগে ৪৭ লাখ টাকা নিয়ে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য গুলশান নিকেতনের বাসা থেকে বের হন। সঙ্গে ছিলেন তাঁর মামা নাজিম। তিনি টাকার ব্যাগটি নাজিমকে দেন। বাসার সামনে তাঁরা মোটরসাইকেলে ওঠার সময় আরেকটি মোটরসাইকেলে আসা দুই যুবক ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। টানাহেঁচড়ার একপর্যায়ে সাইফুল এক যুবককে ধরার চেষ্টা করলে যুবকটি তাঁর হাতে ছুরিকাঘাত করেন। এরপর ওই যুবকেরা টাকাভর্তি ব্যাগ নিয়ে চলে যান।
ওসি জানান, ওই টাকাগুলো ব্যবসায়িক কাজের বলে সাইফুল জানিয়েছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।