৪৭ শতাংশ মানুষ পয়ঃব্যবস্থার বাইরে লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সর্বশেষ প্রতিবেদন বলছে, দেশের ৪৭ শতাংশ মানুষ পয়ঃব্যবস্থার বাইরে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকার ২০১০ সালে সবার জন্য পয়ঃব্যবস্থার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, বছর শেষে তা অর্জিত হচ্ছে না।সরকার ২০০৫ সালে জাতীয় পয়ঃব্যবস্থা কৌশল (ন্যাশনাল স্যানিটেশন স্ট্র্যাটেজি) প্রণয়ন করে। তাতে ২০১০ সালের মধ্যে ১০০ শতাংশ মানুষের পয়ঃব্যবস্থার কথা বলা হয়। ১০০ শতাংশ পয়ঃব্যবস্থার অর্থ হচ্ছে: খোলা জায়গায় পায়খানা না করা, সবার জন্য স্বাস্থ্যকর পায়খানা (স্যানিটারি ল্যাট্রিন) সহজলভ্য করা, এর ব্যবহার নিশ্চিত করা এবং এর ব্যবস্থাপনা উন্নত করা।বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বাজেট বক্তৃতায় এ বছরের মধ্যে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হবে এমন বলেছিলেন। সম্প্রতি প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিবেদনে (প্রোগ্রেস অন স্যানিটেশন অ্যান্ড ড্রিংকিং ওয়াটার: আপডেট ২০১০) দেখা গেছে, লক্ষ্যমাত্রার ৫৩ শতাংশ মাত্র অর্জিত হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনা, তদারকি ও সমন্বিত উদ্যোগের অভাবে দেশ লক্ষ্যমাত্রা অর্জন থেকে পিছিয়ে আছে। দেশের সব মানুষ পয়ঃব্যবস্থার সুযোগ না পাওয়ায় ডায়রিয়া, কলেরা, জন্ডিসের মতো রোগে সংক্রমণ কমছে না।বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৭ শতাংশ মানুষ খোলা জায়গায় পায়খানা করছে। ১৫ শতাংশ মানুষ অনুন্নত পায়খানা ব্যবহার করে। ২৫ শতাংশ মানুষকে অন্য পরিবারের সঙ্গে পায়খানা ব্যবহার করতে হয়। তাতে আরও বলা হয়, গ্রামের ৮ শতাংশ মানুষ খোলা জায়গায় পায়খানা করে। শহরে এটি ৩ শতাংশ। গ্রামে ১৬ শতাংশ মানুষ অনুন্নত পায়খানা ব্যবহার করে, শহরে ১৫ শতাংশ। গ্রামাঞ্চলে ২৪ শতাংশ মানুষ অন্য পরিবারের সঙ্গে ভাগাভাগি করে একটি পায়খানা ব্যবহার করছে। শহরে এ সংখ্যা ২৬ শতাংশ।পয়ঃব্যবস্থার মূল দায়িত্ব জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। স্থানীয় সরকারের মাধ্যমে তারা দায়িত্ব পালন করে। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও খুলনা শহর ছাড়া দেশের অন্য সব শহরে এবং সব ইউনিয়নে কাজ করছে এই অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ ইব্রাহীম প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় সরকারের মাধ্যমে গ্রামে পয়ঃব্যবস্থা নিশ্চিত করার কাজ চলছে। এ ছাড়া জাতীয় স্যানিটেশন প্রকল্প-২-এর মাধ্যমে দরিদ্র মানুষকে এ ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।’জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা অবশ্য লক্ষ্যমাত্রা সম্পর্কে ভিন্ন কথা বলেছেন। তাঁরা বলছেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ২০১৩ সালের মধ্যে সবার জন্য পয়ঃব্যবস্থার কথা বলা হয়েছিল। তাঁরা সেই লক্ষ্য সামনে রেখে কাজ করছেন। তবে সর্বশেষ অর্জন সম্পর্কে তাঁরা কোনো তথ্য দিতে পারেননি।জনস্বাস্থ্য বিশেষজ্ঞ খায়রুল ইসলাম বলেন, গ্রাম পর্যায়ে পাকা পায়খানা (স্যানিটারি ল্যাট্রিন) মানুষ ঠিকমতো ব্যবহার করছে কি না, ভেঙে যাচ্ছে কি না, তা দেখার দায়িত্বে কেউ নেই। ফলে রক্ষণাবেক্ষণ হয় না, মানুষও এ ব্যাপারে আগ্রহ বোধ করে না। এসব কারণে পয়ঃব্যবস্থার গুণগত মান নিশ্চিত হয় না। তিনি আরও বলেন, এ ক্ষেত্রে শহরের দরিদ্র মানুষ পিছিয়ে আছে। অস্বাস্থ্যকর পায়খানা ব্যবহারের ফলে ডায়রিয়ার মতো রোগের সংক্রমণ কমছে না।