৪৭ হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৭টি বেসরকারি হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে ১০টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল, ১৭টিকে জরিমানা, ১৯টিকে তিরস্কার এবং একটির লাইসেন্স স্থগিত করা হয়েছে। আরও তিনটির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে।গত বছর পবিত্র হজ পালন করা হাজিদের বিভিন্ন অভিযোগ এবং অভিযুক্ত এজেন্সির কার্যক্রম তদন্তের পর ধর্ম মন্ত্রণালয় সম্প্রতি এ ব্যবস্থা নিয়েছে। মন্ত্রণালয় চিঠি দিয়ে বিষয়টি সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে জানিয়েছে।জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া প্রথম আলোকে বলেন, যারা অন্যায় করেছে, তাদের শাস্তি দেওয়া হয়েছে। এখন অন্য হজ এজেন্সিগুলো সতর্ক হবে। তিনি বলেন, যাদের লাইসেন্স বাতিল এবং শাস্তি দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে হজযাত্রীদের সতর্ক থাকতে হবে।যেসব অভিযোগ: এসব এজেন্সির মাধ্যমে যাওয়া হাজিরা যেসব অভিযোগ করেছেন, সেগুলোর মধ্যে রয়েছে: হাজিদের না জানিয়ে তাঁদের ব্যবস্থাপনার দায়িত্ব অন্য এজেন্সিকে হস্তান্তর, কাছাকাছি রাখার কথা বলে দূরে রাখা, বিমানবন্দরে রেখে এজেন্সির লোকজনের গায়েব হয়ে যাওয়া, এজেন্সি বাড়িভাড়ার টাকা পরিশোধ না করায় হাজিদের বিড়ম্বনায় পড়া, নিম্নমানের খাবার ও ঠিকমতো খাবার না দেওয়া ইত্যাদি। এ ছাড়া কয়েকটি এজেন্সির মাধ্যমে হজ করতে সৌদি আরবে যাওয়া ব্যক্তিরা হজ শেষে দেশে ফেরেননি।লাইসেন্স বাতিল, জরিমানা ও জামানত বাজেয়াপ্ত: এসব অভিযোগে যে ১০টি এজেন্সির লাইসেন্স বাতিল করাসহ ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে সেগুলো হলো: ফেয়ার লাইন ট্রাভেলস, স্টার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, জীবন ট্রাভেলস, রাজন ওভারসিজ প্রাইভেট লিমিটেড, আল আমিন এভিয়েশন, হান্না ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সোনিয়া ট্রাভেলস, মেসার্স এস এইচ ট্রাভেলস ইন্টারন্যাশনাল, সাদমান এয়ার সার্ভিস ও সৌদি বাংলা হজ সার্ভিস।জানতে চাইলে আল আমিন এভিয়েশনের ব্যবস্থাপনা অংশীদার আবদুল হালিম পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘আমাদের এজেন্সির মাধ্যমে হজে গিয়ে ৮৬ জন হাজি ফিরে না আসায় আমাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। আমরা তাঁদের আনতে চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। এ ব্যাপারে আদালতের সহযোগিতা নেব।’সোনিয়া ট্রাভেলসের মালিক হাফিজুর রহমান বলেন, ‘স্ট্যাম্পে লিখিত দিয়ে যাওয়ার পরও আমাদের ৮৮ জন হাজি ফেরেননি। আমরা তাঁদের ফেরত পাঠানোর সতর্কতামূলক সব ব্যবস্থাই নিয়েছি। তাঁদের কাছ থেকে ৪৫ লাখ টাকার চেকও রেখেছিলাম, তাও তাঁরা ফিরে আসেননি।’ফেয়ার লাইন ট্রাভেলসের মালিক রুশো চৌধুরী বলেন, ‘কিছু হাজির পেট খারাপ হওয়ায় খাবার খারাপের অভিযোগ এনে আমাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করছি।’তিরস্কার: ট্রাভেল স্কাই কানেকশন, গ্রিন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড, মুহিম ওভারসিজ লিমিটেড, সানজিদ এয়ার ইন্টারন্যাশনাল, সুরেশ্বর ট্রাভেলস, তানভীর ট্রাভেলস, ভারসেটাইল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, উইংস ট্রাভেল অ্যান্ড ট্যুরস, যোগাযোগ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, শাহ আমানত হজ কাফেলা, হান্না ট্রাভেল এজেন্সি, এম এস সায়েম ট্রাভেলস, আল নূর এয়ার সার্ভিস, রঙ্গন এয়ার সার্ভিস, মদিনা এয়ার ট্রাভেলস, এয়ার কিং ট্রাভেল অ্যান্ড ট্যুরস, মেসার্স পুল স্টার ইন্টারন্যাশনাল এবং মেসার্স এবকো ওভারসিজকে অনিয়মের অভিযোগে তিরস্কার করা হয়েছে।জরিমানা: আল নাঈম এয়ার ইন্টারন্যাশনাল, আল-নূর ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, তাজমহল ট্রাভেল অ্যান্ড ট্যুরস, র‌্যাম্বলার ওভারসিজ, আল হাজি ট্রাভেল অ্যান্ড ট্যুরস, শাহ দাউদ ট্রাভেলস, ইনসাফ ট্রাভেল অ্যান্ড ট্যুরস, তাজ ট্রাভেল অ্যান্ড ট্যুরস, আততাইইয়ারা ট্রাভেলস ইন্টারন্যাশনাল, ট্রাভেল স্কাই কানেকশান, লর্ড ট্রাভেলস, এ এম ট্রাভেল এজেন্ট, রায়হান এয়ার ইন্টারন্যাশনাল, রব্বানী ওভারসিজ সার্ভিসেস, আল মকাম ট্রাভেলস অ্যান্ড ট্রাভেল এজেন্ট ও আল মাহমুদ ট্রাভেলসকে বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে।স্থগিত: একই কারণে দুই বছরের জন্য হজ লাইসেন্স স্থগিত করা হয়েছে এস বি আগা অ্যান্ড কোম্পানির।গত বছর ১৯টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হলে তারা আদালতে রিট করে। পরে আদালত ধর্ম মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেন।