৪৭ 'পাথরখেকো' চিহ্নিত, পরোক্ষ ভূমিকায় পুলিশ ও প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা (শারফিন টিলা) কেটে অবৈধভাবে পাথর তোলায় জড়িত ৪৭ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের সঙ্গে টিলা কেটে পাথর তোলার সময় মাটিচাপায় নিহত পাঁচজন শ্রমিকের লাশ গুম করতে স্থানীয় পুলিশ ও প্রশাসনের ‘পরোক্ষ ভূমিকা’ আছে।
সিলেট জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আজ শুক্রবার দুপুরে এ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের কাছে জমা দেওয়ার কথা রয়েছে।
গত ২৩ জানুয়ারি মাটিচাপায় পাঁচ শ্রমিকের মৃত্যুর ঘটনার পরপরই জেলা প্রশাসন একটি তদন্ত দল গঠন করে। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম তদন্ত দলের প্রধান। যোগাযোগ করলে গতকাল বৃহস্পতিবার তিনি তদন্ত প্রতিবেদন প্রস্তুত সম্পন্ন হওয়া এবং আজ শুক্রবার জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান।
জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনে শ্রমিক মৃত্যুর ঘটনার আগে-পরের বিভিন্ন বিষয় পর্যালোচনা করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. মাছুম বিল্লাহ ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলমের বিরুদ্ধে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়ার প্রমাণ মেলে।
৪৭ ‘পাথরখেকো’
তদন্ত প্রতিবেদনে স্থানীয় ৪৭ জন প্রভাবশালীকে চিহ্নিত করা হয়েছে। তাঁরা হচ্ছেন কোম্পানীগঞ্জের চিকাডহর গ্রামের আইয়ুব আলী, আঞ্জু মিয়া, সেরাব আলী, কুদ্দুস মিয়া, ফয়জুর রহমান, গরিব উল্লাহ, আতিউর রহমান, মুহিবুর রহমান, আবদুল করিম, নূর উদ্দীন, হেলাল উদ্দীন, শাহ আরেফিন টিলা জালিয়ারপাড় গ্রামের শুক্কুর আলী, বশর মিয়া, ফারুক মিয়া, মাসুক মিয়া, সোনা মিয়া, সাদ্দাম মিয়া, আশিক মিয়া, মো. মানিক মিয়া, সজ্জাদ মিয়া, নূর মিয়া, বকুল মিয়া, রমজান মিয়া, হরমত উল্লাহ, নাসির মিয়া, আবদুল খালিক, আবদুল কাদির ও ইসমাইল আলী; পাড়ুয়া নোয়াগাঁও গ্রামের আতাউর রহমান; নারাইনপুর গ্রামের আবদুল হান্নান, আবদুর রহমান, আনাই মিয়া, আনফর আলী; পুরান জালিয়ারপাড় গ্রামের সমশের আলী কালা, আশিকুর রহমান, সমাদ মিয়া, লায়েক মিয়া, আবদুল কালিক, নূর ইসলাম; পূর্ব নারায়ণপুর গ্রামের রহিম; ভোলাগঞ্জ গ্রামের সোহেল মিয়া, শাহাব উদ্দীন; নতুন জালিয়ারপাড় গ্রামের ছায়ফুল ইসলাম; বাহাদুরপুর গ্রামের লীলু মিয়া এবং পাড়ুয়া লামাপাড়া গ্রামের একবার মিয়া, এনাম হোসেন ও ইসনাত আলী।
উল্লিখিত ব্যক্তিদের সঙ্গে পরোক্ষভাবে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি থেকে শুরু করে গণমাধ্যমকর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে। প্রয়োজনীয় প্রমাণের অভাবে তাঁদের নাম তদন্তে উঠে আসেনি।
নিখোঁজ আরও তিনজন
পাথর উত্তোলনে নিয়োজিত কয়েকজন শ্রমিক ঘটনার পরপরই প্রথম আলোকে জানিয়েছিলেন, অন্তত ১০ জন শ্রমিক মাটিচাপা পড়েছিলেন। ঘটনাটি জানাজানি হওয়ার আগেই লাশগুলো শ্রমিকদের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন পাঁচজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয় প্রশাসন। তবে তদন্ত দল আরও তিনজনের নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত হতে পেরেছে। নিখোঁজ ব্যক্তিদের পুরো পরিচয় পাওয়া না গেলেও তাঁরা সুনামগঞ্জের বাসিন্দা বলে তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা নিশ্চিত হয়েছেন।
তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন মাটিচাপা পড়ে শ্রমিক নিহত হওয়া ও লাশ সরিয়ে নেওয়ার ক্ষেত্রে থানা-পুলিশের ভূমিকা রয়েছে। থানা-পুলিশের সঙ্গে পাথর ব্যবসায়ীদের সুসম্পর্কের কারণেই ভোলাগঞ্জ ও শাহ আরেফিন টিলায় ‘বোমা মেশিন’ দিয়ে পাথর উত্তোলন বন্ধ হচ্ছে না।
তদন্ত দলের প্রধান বলেন, ‘অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের সঙ্গে ইউএনও এবং ওসির কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে ব্যাপারে অধিকতর তদন্তের প্রয়োজন। দীর্ঘদিন ধরে শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন হলেও কেন সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না, এটিই মূলত ইউএনও এবং ওসির বিরুদ্ধে সন্দেহকে পাকাপোক্ত করে।’
তবে ইউএনও মুহা. মাছুম বিল্লাহ বলেন, লাশ দ্রুত সরিয়ে নেওয়ার ঘটনায় তাঁর কোনো যোগসূত্র ছিল না। অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হয়। প্রশাসন সব সময় তাঁদের বিরুদ্ধে সোচ্চার ছিল।
একইভাবে ওসি বায়েছ আলম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘লাশ দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকেরাই সরিয়ে নিয়েছেন। তবে বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিকভাবে ভূমিকা রেখেছি। এর সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।’