৪৭টি নকল ড্রাইভিং লাইসেন্সসহ একজন গ্রেপ্তার
৪৭টি নকল ড্রাইভিং লাইসেন্স ও ভুয়া কাগজপত্র তৈরির সরঞ্জামসহ এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে রাজধানীর রমনা এলাকায় আয়শা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় অভিযান চালিয়ে বিভিন্ন সরঞ্জামসহ আক্তারুজ্জামানকে (৩০) গ্রেপ্তার করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে পুলিশের একটি গোয়েন্দা দল আয়শা শপিং কমপ্লেক্সে ওই অভিযান চালায়। এ সময় আক্তারুজ্জামানের হেফাজতে থাকা ৪৭টি ড্রাইভিং লাইসেন্স ছাড়াও একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি স্ক্যানিং মেশিন, ২০টি টেক্স টোকেন, ১৫টি সবুজ রংয়ের লেখাবিহীন প্লাস্টিকের কার্ড, পাঁচটি রেজিস্টার ফরম, ১২টি ফিটনেস সার্টিফিকেট, পাঁচটি কর পরিশোধের সনদসহ বিপুল পরিমাণ ভুয়া কাগজপত্র ও রাবারের সিল উদ্ধার করা হয়।পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আক্তারুজ্জামান জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে কম্পিউটারে ভুয়া কাগজপত্র তৈরি করে আসছেন। ইতোমধ্যে মোস্তফা নামের তাঁর এক সহযোগীকেও গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।