৪৭১ জনকে চাকরি থেকে বাদ না দেওয়ার নির্দেশ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৪৭১ জনকে চাকরি থেকে বাদ না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ওই সব পদে নতুন নিয়োগ কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ পৃথক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।এ ছাড়া আবেদনকারী ৪৭১ জনকে কেন রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মাহবুব শফিক ও কে এম হাফিজুল আলম মামলা পরিচালনা করেন। কে এম হাফিজুল আলম প্রথম আলোকে বলেন, চাকরি থেকে বাদ পড়ার আশঙ্কা থেকে ও নতুন নিয়োগ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে ৪৭১ জনের পক্ষে করা পৃথক চারটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব আদেশ দেন। বিভিন্ন প্রকল্পে কর্মরত উল্লিখিত ৪৭১ জন কর্মচারীর চাকরি রাজস্ব খাতে না নিয়ে নতুন করে কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর বৈধতা চ্যালেঞ্জ করেই চারটি রিট দায়ের করা হয়।