‘৪৮ ঘণ্টা পার হয়ে ৪৮ মাস হলো। কিছুই হয়নি। দেখো, ৪৮ বছরেও কিছু বের হয় কি না! তোমাদের মতো তোমরা লিখে দিয়ো। আমার আর নতুন করে কী বলার আছে।’
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার চার বছর হয়ে গেল। রহস্যের কোনো কিনারা হয়নি। গত সোমবার পুরান ঢাকায় সাগর সরওয়ারের বাসায় গেলে এভাবেই হতাশা ও ক্ষোভ ব্যক্ত করেন তাঁর মা সালেহা মনির।
ডিএনএ নমুনা মেলানো, ল্যাপটপ-মুঠোফোন উদ্ধারের চেষ্টা, নিয়মিত উচ্চ আদালতে প্রতিবেদন দাখিল। সাগর-রুনি হত্যা মামলার তদন্ত বিষয়ে এসব তৎপরতার কথা হত্যার পর থেকেই বলে চলেছেন তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা। অর্থও ব্যয় করা হয়েছে বিস্তর। তবে ফলাফল শূন্য।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। সাগর মাছরাঙা টিভির বার্তা সম্পাদক ও রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। হত্যাকাণ্ডের দিনই ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার কথা বলেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
শুরুতে এ মামলা তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুই মাসেও কোনো রহস্য উন্মোচন করতে না পেরে ডিবি ওই বছরের ১৮ এপ্রিল হাইকোর্টে তদন্তে ব্যর্থতার কথা স্বীকার করে। এরপর হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তভার পায় র্যাব। র্যাব কবর থেকে দুজনের লাশ তুলে ভিসেরা (রাসায়নিক) পরীক্ষা করায়। হত্যাকাণ্ডস্থল থেকে নিহত সাংবাদিকদের পরিধেয় কাপড়, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ কিছু আলামত থেকে ডিএনএ নমুনা সংগ্রহ এবং ফরেনসিক পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের একটি গবেষণাগারে পাঠানো হয়। বিপুল অর্থ ব্যয় করেও ডিএনএ নমুনা থেকে কোনো সূত্রই মেলেনি। তবে এখনো র্যাবের কর্মকর্তারা সেই আলামতের ডিএনএ নমুনা মেলানোর কথা বলে চলেছেন। তদন্ত নিয়ে পুরোনো রেকর্ডই বাজিয়ে চলেছেন কর্মকর্তারা।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়ারেস আলী মিয়া আবারও বলেন, যুক্তরাষ্ট্রে যে আলামতগুলো পাঠানো হয়েছিল, সেগুলোর প্রতিবেদন এসেছে। আলামত থেকে কারও পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পাওয়া যায়নি। ঢাকা থেকে ২১ জন সন্দেহভাজনের ডিএনএ নমুনা আলামতে থাকা নমুনার সঙ্গে মেলানোর জন্য পাঠানো হয়েছিল। কারও নমুনাই মেলেনি। এর বাইরে নিহত সাগর সরওয়ারের হারানো মুঠোফোন ও ল্যাপটপ উদ্ধারের চেষ্টা চলছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকেও এ জন্য বলা হয়েছে। আর সে সময় ঘটনাস্থলের আশপাশের পাঁচটি থানায় বিভিন্ন ধরনের ১৩০টি মামলায় গ্রেপ্তার হওয়া ১৪৫ জন আসামির বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, তেজগাঁও ও শেরেবাংলা নগর থানায় ওই সময় এই আসামিরা গ্রেপ্তার হন। এ ছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী নিয়মিত বিরতিতে মামলার অগ্রগতি-সংক্রান্ত প্রতিবেদন আদালতে দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্র থেকে পাঠানো প্রতিবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে। এর বাইরে প্রয়োজন অনুযায়ী সবকিছুই করা হচ্ছে।
তবে এসব তদন্তে আর আস্থা রাখছেন না সাগর সরওয়ারের মা। তিনি বলেন, ‘ওপর মহল থেকে না চাইলে এ দেশে কিছুই হয় না। কত মামলায় বাঘা বাঘা সব লোককে ধরে ফেলল তারা। খালি আমার সাগর-রুনির খুনিরা ধরা পড়ছে না। তদন্ত তো প্রায় বন্ধ হয়ে গেছে। আমার জীবনকালে মনে হয় কিছু দেখে যেতে পারব না।’
রুনির মা নুরুন্নাহার মির্জা বলেন, মঙ্গলবার র্যাবের একজন কর্মকর্তা এসেছিলেন। বলেছেন, তাঁরা এখনো চেষ্টা করছেন। কিন্তু কী চেষ্টা করছেন, তা জানা নেই।
জানতে চাইলে মামলার বাদী ও মেহেরুন রুনির ভাই নওশের রোমান বলেন, ‘আমরা হতাশ। যত দিন যাচ্ছে আমরা আরও হতাশ হচ্ছি। তদন্ত কী হচ্ছে জানি না। কত কিছুই তো করল। কিন্তু ফলাফল একেবারেই শূন্য।’
নিহত দম্পতির সন্তান মাহীর সরওয়ার মেঘ এ বছর তৃতীয় শ্রেণিতে উঠেছে। সে এখন আগের চেয়ে অনেক স্বাভাবিক।