৪৮ ঘণ্টা পরও নেই মামলা-অভিযোগ
দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আজাদুল ইসলামের ওপর দুর্বৃত্তদের হামলার পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে। কিন্তু থানা এবং নির্বাচন কার্যালয়ে এখনো কেউ মামলা বা অভিযোগ করেননি।
বর্তমানে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আজাদুল ইসলাম গতকাল প্রথম আলোকে জানান, তিনি সুস্থ হয়ে ওঠার পর নিজে মামলা করবেন।
পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিয়া মো. শিরন আলম বলেন, এ মুহূর্তে রোগীর সুস্থতা নিয়েই তাঁরা বেশি চিন্তিত ও ব্যস্ত। মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।
গত মঙ্গলবার রাতে আজাদুল ইসলামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাঁর সঙ্গে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁকে বহনকারী রিকশাচালক জয়নাল আবেদিনও গুরুতর জখম হন। বর্তমানে দুজনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন।
হাসপাতালে চিকিৎসাধীন জয়নাল আবেদিন বলেন, মঙ্গলবার রাতে বিরামপুর পৌরসভার সামনে থেকে আজাদুল ইসলাম তাঁর রিকশায় চড়ে বিএনপি নেতা মুক্তার হোসেনের সঙ্গে দেখা করতে পৌর শহরের আনসার মাঠের পেছনে তাঁর বাড়িতে যান। ফেরার পথে আজাদুল ইসলামের মুঠোফোনে একটি কল আসে। আজাদুল ইসলাম রিকশা ঘুরিয়ে আবার মুক্তার হোসেনের বাড়ির সামনে এলে মুখ বাঁধা অবস্থায় দুই যুবক চাকু ও লোহার পাত হাতে তাঁদের পথরোধ করেই এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।
বিরামপুর নির্বাচন কর্মকর্তা আতাউল হক গতকাল সন্ধ্যায় বলেন, বিএনপি মেয়র পদপ্রার্থীর ওপর হামলার ঘটনায় নির্বাচন কার্যালয়ে কেউ কোনো অভিযোগ করেননি।
বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, হামলার শিকার পক্ষকে বারবার মামলা দিতে বলা হলেও কেউ মামলা দেননি।