৪৮ ঘণ্টার আগেই বর্জ্য অপসারণ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য ৪৮ ঘণ্টার আগেই অপসারণ করা সম্ভব হবে বলে জানিয়েছে দুই সিটি করপোরেশন। এবারের কোরবানি ঈদে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় প্রায় ২০ হাজার টন বর্জ্য হবে। এই বর্জ্য অপসারণে ইতিমধ্যে প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী নেমেছেন।
ঈদের আগে ঢাকার দুই মেয়র ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলেন। ঈদ উপলক্ষে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মীসহ সবার ছুটি বাতিল করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দৈনিক আড়াই হাজার টন বর্জ্য জমে। এবারের কোরবানি ঈদে ডিএনসিসিতে মোট বর্জ্য হবে নয় হাজার টন। এসব বর্জ্য পরিষ্কারের কাজে ডিএনসিসির পক্ষ থেকে ৩ হাজার ২৩০ জন পরিচ্ছন্নতাকর্মী নেমেছেন।
বেলা দুইটার দিকে উত্তরা ১৫ ও ১৬ নম্বর সেক্টরের মধ্যবর্তী সেতুসংলগ্ন খালি জায়গায় বসানো হাট পরিষ্কারের মধ্য দিয়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। তিনি বলেন, ‘মানুষ অনেক বেশি সচেতন হয়েছেন। সিটি করপোরেশনের পলিব্যাগে বর্জ্য ভরে রেখে দিয়েছেন। নিজেরা রক্ত পরিষ্কার করেছেন। শহর এখনই অনেক বেশি পরিষ্কার লাগছে। আশা করছি ৪৮ ঘণ্টার অনেক আগেই বর্জ্য পরিষ্কার হয়ে যাবে।’
বিকেলে গ্রিনরোড, সায়েন্স ল্যাব, কাঁঠালবাগান, হাতিরপুল, ধানমন্ডি, মিরপুর-১ ও মোহাম্মদপুর এলাকা ঘুরে দেখা যায়, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছেন। ভ্যানে, ময়লা টানার ছোট গাড়িতে করে বাসাবাড়ি থেকে কোরবানির পশুর বর্জ্য এনে সিটি করপোরেশনের ময়লার কনটেইনারে রাখছেন।
অন্যান্য বছরের তুলনায় নিজ উদ্যোগে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় রাজধানীবাসী নিজেরাও এবার বেশি সচেতন। সিটি করপোরেশনের দেওয়া পলিথিনের ব্যাগে কোরবানির বর্জ্য ভরে রেখে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য রেখে দেওয়া হয়েছে। যাঁরা সিটি করপোরেশনের পলিথিন পাননি, তাঁরা নিজেরা পলিথিন ব্যাগ কিনে বর্জ্য ভরে রেখেছেন। কোথাও পশুর রক্ত নিজেরাই পরিষ্কার করেছেন।
এবার কোরবানিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় ১১ টন বর্জ্য তৈরি হবে। এই বর্জ্য অপসারণে দক্ষিণের ৫৭টি ওয়ার্ডে ৭ হাজার ৩০৪ জন পরিচ্ছন্নতাকর্মী মাঠে নেমেছেন। বর্জ্য দ্রুত অপসারণের জন্য প্রতিটি এলাকায় কাজ করছে ভ্যান সার্ভিস।
বেলা দুইটায় ধোলাইখাল এলাকায় দক্ষিণের মেয়র সাঈদ খোকনের উপস্থিতিতে বর্জ্য অপসারণের কাজ শুরু হয়। সাঈদ খোকন বলেন, ‘জনগণ আগের চেয়ে সচেতন। পরিচ্ছন্নতা কাজে তাদের সম্পৃক্ততা আগের চেয়ে বেড়েছে। গত কোরবানির ঈদে ৭২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছিলাম। এবার কোরবানি ঈদে ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে সক্ষম হব।’