৪৮ ঘণ্টার মধ্যে চার ব্লগারের প্রতিবেদন চেয়েছেন আদালত
আসিফ মহিউদ্দিনসহ গ্রেপ্তার হওয়া চার ব্লগারের ব্যাপারে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল সোমবার এই চারজনের জামিন আবেদনের শুনানির পর মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এই আদেশ দেন। একই সঙ্গে চার ব্লগার আসিফ মহিউদ্দিন, সুব্রত অধিকারী (শুভ), মশিউর রহমান (বিপ্লব) ও রাসেল পারভেজকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। এর আগে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গত ১০ এপ্রিল তাঁদের আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে অধিকতর শুনানির জন্য গতকাল দিন ধার্য ছিল।শুনানিতে তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তারের পর আসিফসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য পাওয়া গেছে, তাতে তথ্যপ্রযুক্তি আইনে (আইসিটি) মামলা করা যেতে পারে। এ বক্তব্যের বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, একটি গোষ্ঠীকে সন্তুষ্ট করতে তদন্ত কর্মকর্তা মনগড়া তথ্য দিচ্ছেন। ব্লগারদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তাই তাঁরা জামিন পেতে পারেন।শুনানি শেষে আদালত ডিবিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। প্রতিবেদন পাওয়ার পর এই চারজনের জামিনের আবেদনের ওপর আদেশ দেওয়া হবে বলে আদালত সূত্র থেকে জানা গেছে।গত ১ এপ্রিল রাতে সুব্রত অধিকারী, মশিউর রহমান ও রাসেল পারভেজকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে সাত দিনের রিমান্ডে নেন ডিবির পরিদর্শক সাজ্জাদ হোসেন। ৩ এপ্রিল গ্রেপ্তার করা হয় আসিফকে। পরদিন তাঁকেও চার দিনের রিমান্ডে নেন ডিবির আরেক পরিদর্শক মাইনুল ইসলাম।