৪৮ ঘণ্টার মধ্যে নিহত ও নিখোঁজদের তালিকা প্রকাশের আহ্বান
৪৮ ঘণ্টার মধ্যে হেফাজতের নিহত ও নিখোঁজ নেতা-কর্মীদের নাম-ঠিকানাসহ তালিকা প্রকাশ করতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অন্যথায় মিথ্যাচার বন্ধ করতে বলেছেন তিনি।
আজ বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ আহ্বান জানান।
ইনু বলেন, শাপলা চত্বরে কী হয়েছে, তা সবাই জানে। দেশের ইলেকট্রনিক মিডিয়াগুলো তা দেখিয়েছে। প্রিন্ট মিডিয়ায় তা বিস্তারিত প্রকাশিত হয়েছে। ডিএমপি কমিশনার গতকাল সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তার পরও ১৮ দলের মিথ্যাচার বন্ধ হচ্ছে না। বরং তারা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্য দেশের প্রাকৃতিক দুর্যোগে বা কোনো ঘটনায় নিহত লোকজনের ছবিকে শাপলা চত্বরে নিহত মানুষের ছবি হিসেবে কারিগরি কারসাজি করে প্রকাশ করছে।
মন্ত্রী বলেন, হেফাজত-জামায়াত-বিএনপি ও ১৮ দলের সমর্থক বলে পরিচিত ‘দৈনিক ইনকিলাব’ ও ‘দৈনিক নয়াদিগন্ত’ পত্রিকার বিভিন্ন প্রতিবেদনে শাপলা চত্বরে হতাহতের যে সংখ্যা প্রকাশ করা হয়েছে, এর সঙ্গে তাঁরা যা দাবি করছেন, তার মধ্যে আকাশ-পাতাল তফাত। ৬ মে ‘ইনকিলাব’-এর প্রতিবেদনে ৫ মে ঢাকায় ১৬ জন নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়। ‘নয়াদিগন্ত’ প্রতিবেদন করেছে, নিহতের সংখ্যা সাতজন।
৭ মে ‘ইনকিলাব’ প্রতিবেদন করেছে, ৫ মে ঢাকায় নিহত সাতজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই নিজ নিজ এলাকায় দাফন করা হয়েছে। ৭ মে ‘নয়াদিগন্ত’ প্রকাশ করেছে, ৫ মে নিহতদের একজনের লাশ পটুয়াখালী ও একজনের লাশ নরসিংদীতে দাফন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে আছে সাতটি লাশ।
আজ ৯ মে ‘প্রথম আলো’য় প্রতিবেদন প্রকাশিত হয়েছে, ৫ মে সারা দিন ও দিবাগত রাতে সারা দেশে নিহত হয়েছেন ২৩ জন। আর ডিএমপি কমিশনার গতকাল সাংবাদিকদের বলেছেন, নিহতের সংখ্যা ১১ জন। ফলে দেখা যাচ্ছে, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল হেফাজতের ‘হাজার হাজার’ কর্মী নিহত হওয়ার যে দাবি করছে, এর সঙ্গে ‘নয়াদিগন্ত’, ‘ইনকিলাব’সহ অন্যসব প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার প্রতিবেদনের তথ্যে আকাশ-পাতাল ব্যবধান রয়েছে।
এ ধরনের মিথ্যাচারকে বিএনপি-জামায়াত ও হেফাজতে ইসলাম রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী।