৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার ব্যানার সরাতে মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল গতকাল বুধবার ঘোষণা করা হয়েছে। এর পরই ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনসংক্রান্ত পোস্টার, ব্যানার, স্টিকার ও লিফলেট অপসারণের নির্দেশ দিয়ে মাইকিং করেছে জেলা নির্বাচন কার্যালয়। নির্বাচনে লড়তে আগ্রহী ব্যক্তি ও তাঁদের সমর্থকেরা ওই পোস্টার লাগিয়েছেন।মাইকিং করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে যেসব পোস্টার, স্টিকার, ব্যানার, লিফলেট লাগানো হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্ব-উদ্যোগে ও নিজ খরচে অপসারণ এবং দেয়াললিখন মুছে ফেলতে হবে। কেউ ওই নির্দেশ না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।এ ধরনের অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডাদেশ বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। তিনি জানান, তফসিল ঘোষণার পর থেকে কেউ নির্বাচন অনুষ্ঠানের ২১ দিন আগ পর্যন্ত নির্বাচনী কোনো ধরনের প্রচার-প্রচারণা চালাতে পারবেন না। কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো ব্যক্তি সিটি করপোরেশন এলাকার স্থাপনাগুলোয় দেয়াল বা বেড়া এবং যানবাহনে কোনো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগাতে পারবেন না।শুভেচ্ছা বিনিময়: তফসিল ঘোষণার পর থেকে গতকালই মেয়র ও কাউন্সিলর পদে লড়তে আগ্রহীরা নিজ নিজ এলাকার বাসিন্দা ও আপনজন এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। তফসিল ঘোষণা করায় অনেক প্রার্থী সন্তোষ প্রকাশ করেছেন।