৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কারের আশ্বাস উত্তরের মেয়রের

এবারের কোরবানি ঈদের পশুর বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। আজ শনিবার ডিএনসিসি নতুন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ ছাড়া তিনি কোরবানি ঈদ উপলক্ষে ডিএনসিসির পরিকল্পনা ও সার্বিক কার্যক্রম কী হবে, তা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এমনিতে ডিএনসিসিতে দৈনিক আড়াই হাজার টন বর্জ্য হয়। তবে এবারের কোরবানি ঈদে ডিএনসিসিতে মোট বর্জ্য হবে নয় হাজার টন। এই বর্জ্যগুলো পরিষ্কারের জন্য ডিএনসিসির পক্ষ থেকে ঈদে ৩ হাজার ২৩০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করা হয়েছে। কোরবানির সব বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে।
মেয়র বলেন, এবারের ঈদে পরিচ্ছন্নতা কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য দুটি নিয়ন্ত্রণকক্ষ থাকবে। এ ছাড়া ডিএনসিসির পাঁচটি অঞ্চলে একটি করে আঞ্চলিক নিয়ন্ত্রণকক্ষ থাকবে। কোরবানি দেওয়ার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে ৬৪৮টি। এর মধ্যে ১৯৬টি স্থানে মাওলানা, কসাইসহ যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে এই নির্ধারিত স্থানগুলোতে পশু কোরবানির জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিটি করপোরেশনের পক্ষ থেকে পশুর বর্জ্য দ্রুত অপসারণের সুবিধার্থে দুই লাখ পলিব্যাগ বিতরণ করা হয়েছে। এ ছাড়া এলাকায় এলাকায় মাইকিং এবং সাড়ে পাঁচ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে। ঈদ উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মীসহ সবার ছুটি বাতিল করা হয়েছে।
মেয়র আনিসুল হক বলেন, ঈদে ডিএনসিসি এলাকায় গাবতলীর স্থায়ী পশুর হাট ছাড়া আরও আটটি জায়গায় অস্থায়ী পশুর হাট বসেছে। ঈদের দিন বেলা দুইটায় উত্তরা অথবা বনানীর কোনো একটি অস্থায়ী পশুর হাট পরিচ্ছন্নতার মাধ্যমে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে। এরপর ৪৮ ঘণ্টার মধ্যেই সব বর্জ্যের অপসারণ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।