৪৮ ঘণ্টার মধ্যে সাত দফা মেনে নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাত দফা মেনে নেওয়ার দাবি জানিয়েছেন ব্যাটারি রিকশা মালিক সংগ্রাম পরিষদের নেতারা। অন্যথায় তাঁরা সিটি মেয়রের পদত্যাগের আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংগ্রাম পরিষদের সভাপতি আবদুল কাদের মজুমদার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
সাত দফা দাবির মধ্যে রয়েছে, উচ্চ আদালতে আবেদনকৃত ব্যাটারিচালিত রিকশার মালিকানা লাইসেন্স প্রদান, বাণিজ্যিক বিদ্যুৎ-মিটার প্রদান, সুপ্রিম কোর্টে করা রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা চলাচলে হয়রানি না করা, ব্যাটারিচালিত রিকশা পরিচালনায় বুয়েটসহ বিশেষজ্ঞদের মতামত গ্রহণ, রিকশা ও ব্যাটারিচালিত রিকশাচালকদের বিনা মূল্যে ড্রাইভিং লাইসেন্স প্রদান, রিকশা চুরি বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া, যানজট নিরসনে রাস্তা থেকে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা ও অটোটেম্পো উচ্ছেদ প্রভৃতি।
সংবাদ সম্মেলনে আবদুল কাদের মজুমদার ৩১ আগস্ট থেকে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান প্রত্যাহার করে সাত দফা দাবি মেনে নেওয়ার অনুরোধ জানান। অন্যথায় ৩ সেপ্টেম্বর নগর ভবন ঘেরাও এবং পরবর্তী সময়ে মানববন্ধন, অনশন, ধর্মঘট, হরতালসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
৩১ আগস্ট থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন, বিআরটিএ, জেলা প্রশাসন এবং চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) যৌথভাবে ব্যাটারিচালিত রিকশা আটক ও উচ্ছেদ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছিল।
গতকাল সকালে সংবাদ সম্মেলনের আগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থান নেন ব্যাটারি রিকশা চালক-মালিক সমিতির সদস্যরা। এতে এস এস খালেদ রোড, জামালখান সড়ক ও মোমিন রোড এবং এর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজটের সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে আন্দোলনের কর্মসূচি তুলে ধরেন সংগ্রাম পরিষদের নেতা কাদের মজুমদার।