চট্টগ্রাম নগরের সব ফুটপাত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হকারদের অপসারণ এবং ১২ ঘণ্টার মধ্যে ১৪৪ ধারা প্রত্যাহারের দাবি জানিয়েছেন রিয়াজউদ্দিন বাজার ও তামাকুমন্ডি লেন বণিক সমিতির নেতারা। অন্যথায় আগামী ৩ ফেব্রুয়ারি মহানগরের সব দোকানপাট অর্ধদিবস বন্ধ রাখা হবে। একই সঙ্গে মহাসমাবেশ করে সারা দেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন।গত শুক্রবার হকাররা একই স্থানে সংবাদ সম্মেলন করে হকারদের দোকানে আগুন ও লুটপাটের ঘটনায় রিয়াজউদ্দিন বাজার ও তামাকুমন্ডি লেন বণিক সমিতির জামায়াতপন্থী ব্যবসায়ীদের দায়ী করেন। তাঁরা অভিযোগ করেন, তামাকুমন্ডি লেন বণিক সমিতির সভাপতি মাহমুদুল হক চৌধুরী অগ্নিসংযোগের নেতৃত্ব দেন। গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদুল হক দাবি করেন, ‘আমি জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নই। হকাররা নিজেদের দোকানে নিজেরাই আগুন দিয়েছে।’ ব্যবসায়ী নেতারা ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার ‘উসকানিদাতা’ সার্জেন্ট সিদ্দিককে প্রত্যাহার এবং ব্যবসায়ী নেতাদের ওপর হামলাকারী দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানান। ব্যবসায়ীরা অভিযোগ করেন, নগরের স্টেশন রোড থেকে তিনপুলের মাথা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা ফুটপাত হকারদের দখলে। ফলে এখানকার প্রায় ১৫-২০ হাজার দোকানে ব্যবসা ব্যাহত হচ্ছে। তারা এসব মার্কেটের প্রবেশমুখ দখলের চক্রান্ত করছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রও ফুটপাত থেকে হকারদের তুলে দেওয়ার পক্ষে বলে ব্যবসায়ীরা দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি ছালামত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক মাহাবুবুল ইসলাম, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি শফিক আহম্মদ, তামাকুমন্ডি লেন বণিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম, সাবেক সভাপতি আবদুল মোতালেব চৌধুরী, রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আকবর। সংবাদ সম্মেলন শেষে ব্যবসায়ীরা চট্টগ্রাম প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল করে তামাকুমন্ডি লেন পর্যন্ত যান। পুলিশ জানায়, রিয়াজউদ্দিন বাজার ও তামাকুমন্ডি লেন এলাকায় ১৪৪ ধারা জারির পর গত তিন দিনে পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’