৪৮ ঘণ্টায় বর্জ্য অপসারণের লক্ষ্য দুই সিটি করপোরেশনের

৪৮ ঘণ্টার মধ্যে রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এ সময়ের মধ্যে রাজধানীর ১৬টি অস্থায়ী পশুর হাটসহ নগরজুড়ে ঈদ উপলক্ষে জবাইকৃত পশুর রক্ত, নাড়িভুঁড়ি ও অন্যান্য সব বর্জ্য অপসারণ করা হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন আজ শুক্রবার দুপুরে ধোলাইখাল সাদেক হোসেন খোকা খেলার মাঠে এবং উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক (ডিএনসিসি) একই সময়ে উত্তরা ১৫ ও ১৬ নম্বর সেক্টরের মধ্যবর্তী সেতুসংলগ্ন গরুর হাট থেকে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে দুই সিটি করপোরেশন এলাকায় মোট ১৭ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০ হাজার এবং উত্তর সিটি করপোরেশনে ৭ হাজার পরিচ্ছন্ন কর্মী বর্জ্য অপসারণে নিয়োজিত রয়েছে।
ডিএনসিসি ও ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা কার্যালয় সূত্রে জানা গেছে, উভয় সিটি করপোরেশনে সাড়ে আট হাজার নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী আছেন। এর মধ্যে ডিএসসিসিতে পাঁচ হাজার ২০০ ও ডিএনসিসিতে তিন হাজার ৩০০ নিয়মিত কর্মী নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন।
কোরবানির ঈদ উপলক্ষে পশুর বর্জ্য দ্রুত অপসারণে নিয়মিত কর্মীদের পাশাপাশি দৈনিক মজুরি ভিত্তিতে আরও সাড়ে আট হাজার অতিরিক্ত পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ডিএসসিসিতে প্রায় পাঁচ হাজার এবং বাকি প্রায় সাড়ে তিন হাজার ডিএনসিসি এলাকায় পরিচ্ছন্নতার কাজ করছেন।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা জানান, এবার কোরবানির বর্জ্য অপসারণে তাদের টার্গেট ৪৮ ঘণ্টা। গতবার ২৪ ঘণ্টায় নগরী থেকে পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছিল। এবার ৩০ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্নতার অভিযান শেষ হবে বলে তিনি আশাবাদী।
বিপন কুমার সাহা জানান, এই পরিচ্ছন্নতা কাজে এবার ডিএনসিসি ২৫টি ডাম্পার,৬টি পে লোডার,২টি টায়ার ডোজার,৪টি পানির গাড়ি,২টি প্রাইম মুভার,২টি ট্রেইলর, শতাধিক খোলা ট্রাকসহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বর্জ্য অপসারণের কাজ চলছে। এ ছাড়া দুই হাজার ছোট ছোট ভ্যান গাড়ি বর্জ্য অপসারণের কাজে ব্যবহার করা হচ্ছে।
ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা রকিব উদ্দিন জানান, তাদের নিয়মিত পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা ৫ হাজার ২০০ জন। কোরবানি উপলক্ষে তিন দিনের জন্য দৈনিক মজুরি ভিত্তিতে আরও প্রায় পাঁচ হাজার নিয়োগ করা হয়েছে।
মোট ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী দুপুর থেকে মাঠে নেমে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করছেন জানিয়ে রকিব উদ্দিন বলেন, এবারও দুই ডজনের বেশি ডাম্পার,৬টি এক্সকাভেটর,৫টি বুলডোজার ও ২টি টায়ার ডোজার, চেইন ডোজার,৫টি পে-লোডার, প্রাইম মুভার,৫টি পানির গাড়িসহ বিভিন্ন বড় যন্ত্রপাতি ব্যবহার করে কোরবানির বর্জ্য অপসারণ করা হচ্ছে।
এ ছাড়া দ্রুত বর্জ্য অপসারণের জন্য ১৩৫টি খোলা ট্রাক, নিয়মিত ৩২৫টি কন্টেইনারসহ আরও অতিরিক্ত ২২টি কন্টেইনার, ৭৩টি কন্টেইনার ক্যারিয়ার, ১৭টি কম্পেক্টর ব্যবহার করা হচ্ছে বলে রকিব উদ্দিন জানান।
এ ছাড়া কোরবানির রক্ত, বর্জ্য ও অন্যান্য আবর্জনা মাধ্যমে যাতে পরিবেশকে দূষণ না হয়ে সে জন্য দুই সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে জীবাণুনাশক ওষুধ মিশ্রিত পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।