৪৮ ঘণ্টায়ও হদিস মেলেনি লঞ্চের, আরও ৩ লাশ উদ্ধার

মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ‘পিনাক-৬’ লঞ্চটি ডুবে যাওয়ার ৪৮ ঘণ্টা পরও এর সন্ধান মেলেনি। লঞ্চটি উদ্ধারে তত্পরতা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে শরীয়তপুরের নড়িয়া এলাকা এবং চাঁদপুরের হাইমচর থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার হওয়া লাশের সংখ্যা দাঁড়াল ছয়টিতে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি), নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা এখনো যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ ও ‘রুস্তম’ রয়েছে।
বিআইডব্লিউটিসির মাওয়া অঞ্চলের ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল আলীম প্রথম আলোকে বলেন, গতকাল সারা রাত দুর্ঘটনাস্থলের আশপাশের চার কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালানো হয়। আজ সকালেও সেখানে তল্লাশি চলছে। বেলা ১১টা নাগাদ ডুবে যাওয়া লঞ্চের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নড়িয়ায় নারীর লাশ উদ্ধার
আজ সকাল নয়টার দিকে নড়িয়ায় নদীতে এক নারীর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নারীর বয়স আনুমানিক ২৭-২৮ বছর। শরীয়তপুরের পাচ্চর এলাকার নির্ধারিত স্থানে লাশটি রাখা হয়েছে। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য জানিয়েছেন।
গতকাল চাঁদপুরের হাইমচর থেকে উদ্ধার হওয়া নারীর লাশ আজ সকালে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাইমচরে দুজনের লাশ
আমাদের চাঁদপুর প্রতিনিধি জানান, আজ সকালে হাইমচর উপজেলার বাংলাবাজার এলাকায় মেঘনা নদীতে এক নারীর লাশ ভেসে ওঠে। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। পরে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মিয়া বাজার এলাকায় ১৫-১৬ বছর বয়সের এক কিশোরের লাশ দেখতে পান এলাকাবাসী। কিশোরের পরনে জিনসের প্যান্ট ও গেঞ্জি রয়েছে। তবে পরিচয় পাওয়া যায়নি।
হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াসিন রতন লাশ দুটি ভেসে ওঠার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় লোকজনের ধারণা লাশ দুটি পিনাক-৬ লঞ্চের যাত্রী।
এ নিয়ে হাইমচরের মেঘনা নদীতে তিনটি লাশ পাওয়া গেল। এর আগে গতকাল মঙ্গলবার হাইমচরে এক নারীর লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া সোমবার মাওয়া এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করা হয়।
দুটি লাশের খবর শুনে ঘটনাস্থলের উদ্দেশে পুলিশ রওনা হয়েছে বলে জানান চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর।